Skip to content

অভিযানে পুলিশ, অধ্যক্ষসহ আটক ২০

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ অভিযানে পুলিশ, অধ্যক্ষসহ আটক ২০রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে চারটি বিষয় মাথায় রেখে তদন্তে নেমেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
পারিবারিক দ্বন্দ্ব, প্রতিবেশীর সঙ্গে ঝামেলা, রাবির অভ্যন্তরীণ কোন্দল ও জঙ্গি সংশ্লিষ্টতার সূত্র ধরে হত্যা ক্লু খোঁজা হচ্ছে।
এ সূত্র ধরে রোববার দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইসলামিয়া কলেজের অধ্যক্ষ হুমায়ন আহম্মেদসহ মোট ২০ জনকে আটক করেছে পুলিশ।
রাজশাহী মহানগর পুলিশ কমিশনার ব্যারিস্টার মাহবুবুর রহমান বাংলামেইলকে জানান, এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে গোয়েন্দা পুলিশসহ বেশ কয়েকটি টিম মাঠে কাজ করছে। ৪টি বিষয়কে সামনে রেখে তদন্তে নেমেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। চারটি কারণের মধ্যে পারিবারিক ও জঙ্গি সংশ্লিষ্টতার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
পুলিশ কমিশনার ব্যারিস্টার মাহবুবুর রহমান আরো জানান, শনিবার ফেসবুকে ‘আনসার আল ইসলাম বাংলাদেশ -২’-এ হত্যাকাণ্ডের দায় স্বীকারের বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে। ফেসবুকের ওই পোস্ট সম্পর্কে বিস্তারিত জানতে পুলিশের উন্নত প্রশিক্ষণপ্রাপ্ত একটি টিম কাজ করছে। খুব শিগগিরই ওই পোস্ট কারা এবং কোথা থেকে করেছে সে রহস্য বের করা সম্ভব হবে।
পুলিশ কমিশনার বলেন, শিক্ষক শফিউল হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলাটি করা হবে। নিহতের দাফন শেষে মামলা করা হবে বলে পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে।
রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার (পূর্ব) কেএম নাহিদুল ইসলাম বাংলামেইলকে জানান, হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নগরীর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামিয়া কলেজের অধ্যক্ষ হুমায়ন আহম্মেদসহ ২০ জনকে আটক করা হয়েছে। এছাড়াও পুলিশের বেশ কয়েকটি টিম সন্দেহভাজন ব্যক্তি ও এলাকায় অভিযান চালাচ্ছে।
আটককৃতদের রাজশাহী মহানগর গোয়ান্দা পুলিশের কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য, শনিবার বিকেলে সাড়ে ৩টায় রাজশাহী মহানগরীর মতিহার থানার বিহাস এলাকায় দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে রাবির সমাজবিজ্ঞানের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলামকে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫