বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ওয়াশিংটন: মধ্যপ্রাচ্যের একটি অজ্ঞাত স্থানে মার্কিন এফ-১৬ জঙ্গিবিমান বিধ্বস্ত হয়ে একজন পাইলট নিহত হয়েছে। মার্কিন সামরিক বাহিনী এ খবর দিয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যেখানে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল’র বিরুদ্ধে বিমান হামলা চলছে সেখানে এই বিধ্বস্তের ঘটনা ঘটেছে। কোনো যুদ্ধে ওই পাইলট নিহত হয়নি বলে নিশ্চিত করেছে সেন্ট্রাল কমান্ড।
বিবৃতিতে বলা হয়েছে, বিমানটি ওড়ার কিছুক্ষণ পরই তা ঘাঁটিতে ফিরে আসার সময় বিধ্বস্ত হয়। তবে বিমানটি কোথা থেকে ফিরে আসছিল এবং কোথায় বিধ্বস্ত হয়েছে তা সুনির্দিষ্টভাবে বলা হয়নি। এটি ইরাক অথবা সিরিয়ায় বিধ্স্ত হয় নি বলে দাবি করেছে মার্কিন বাহিনী। এফ-১৬ বিমানটি বিধ্বস্তের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায় নি; এ বিষয়ে তদন্ত চলছে।
গত সেপ্টেম্বর মাসের শেষ দিক থেকে আমেরিকা ও তার আরব মিত্ররা সিরিয়ায় তৎপর আইএসআইএল সন্ত্রাসীদের বিরুদ্ধে দামেস্ক অথবা জাতিসংঘের অনুমতি ছাড়াই বিমান হামলা শুরু করেছে। তবে, বিমান হামলার কারণে আইএসআইএল’র তৎপরতায় একটুও ভাটা পড়েনি। আইআরআইবি।
