স্টাফ রিপোর্টার ॥ অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে আলোচিত ব্যবসায়ী মুসা বিন শমসেরকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল পৌনে ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়।
জিজ্ঞাসাবাদ করছেন সংস্থাটির উপ-পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলী।
দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।
আন্তর্জাতিক বাণিজ্য সাময়িকী ‘বিজনেস এশিয়া’র প্রতিবেদনের ওপর ভিত্তি করে দুদক তার সম্পদ যাছাই ও অর্থ পাচারের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়।
অভিযোগ রয়েছে, সুইস ব্যাংকে মুসা বিন শমসেরের ৭ বিলিয়ন ডলার রয়েছে।
মুসার জন্ম ১৯৫০ সালের ১৫ অক্টোবর ফরিদপুরে। তিনি ড্যাটকো গ্রুপের মাধ্যমে জনশক্তি রপ্তানি করেন। তবে তার পরিচিতি তুলে ধরতে গিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো অস্ত্র ব্যবসার কথাই আগে এনেছে।
১৯৯৭ সালে যুক্তরাজ্যের নির্বাচনে লেবার পার্টির প্রধানমন্ত্রী পদপ্রার্থী টনি ব্লেয়ারের নির্বাচনী প্রচারের জন্য ৫০ লাখ পাউন্ড অনুদান দেওয়ার প্রস্তাব দিয়ে আলোচনায় আসেন বাংলাদেশের এ ব্যবসায়ী।
