স্টাফ রিপোর্টার ॥ ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে রাজধানী। বৃহস্পতিবার মধ্য রাত থেকেই ঘন কুয়াশা পড়ছে। অতিরিক্ত কুয়াশায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। যানবাহন চলাচলে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে। যানবাহনগুলো হাই বিমে হেডলাইট জ্বালিয়েও খুব একটা সুবিধে করতে পারছেন না। ঘন কুয়াশা অল্প দূরত্বে কি আছে সেটিও স্পষ্ট দেখা যাচ্ছে না। শুক্রবার সকালে রাজধানীর কয়েকটি এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।
আবহাওয়া অধিদপ্তরের হিসেব অনুযায়ী ৬টা ৪০ মিনিটে রাজধানীতে সূর্যোদয় হলেও কুয়াশার কারণে বেলা ৮টা পর্যন্ত সূর্যের চেহারা দেখা যায়নি।
এ বিষয়ে আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশাপাত হচ্ছে। উত্তরাঞ্চলে কুয়াশা সবচেয়ে বেশি। ঢাকা ও এর আশপাশের এলাকায় প্রচুর কুয়াশাপাত হচ্ছে।
কুয়াশার কারণে নদী এলাকায় দৃষ্টি সীমা ৫০ মিটার, উত্তরাঞ্চলে দৃষ্টি সীমা ১০০ মিটার থেকে ২০০ মিটার এবং ঢাকায় দৃষ্টিসীমা ৪০০ মিটার থেকে ৫০০ মিটারে নেমে এসেছে বলে জানান বজলুর রশিদ।
শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ও ঢাকায় ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলেও জানান তিনি। তবে বেলা ৯টা থেকে ১০টার পর থেকে অবস্থার উন্নতি হবে বলে আশা করেন আবহাওয়াবিদ বজলুর রশিদ।
