স্টাফ রিপোর্টার ॥ রনজামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের রায়কে কেন্দ্র করে র্যাব, পুলিশ ও বিজিবির সমন্বয়ে তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে ট্রাইব্যুনালের চারপাশে।
সুপ্রিমকোর্টের প্রধান ফটক, মাজার সংলগ্ন গেট ও বাংলাদেশ বার কাউন্সিল ভবন সংশ্লিষ্ট দক্ষিণ গেটে মোতায়েন করা হয়েছে ব্যাপক পুলিশ।
এছাড়া, দোয়েল চত্বর থেকে ট্রাইব্যুনালের দিকের সড়ক বন্ধ করে দেয়া হয়েছে। ট্রাইব্যুনালের প্রধান ফটকে অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বাইরে প্রস্তুত রাখা হয়েছে পুলিশের সাঁজোয়া যান।
রায় ঘোষণা এবং তার পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন বলে নাম প্রকাশ না করা শর্তে এক পুলিশ কর্মকর্তা জানান।
আজ মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার রায় ঘোষণা করবেন। গতকাল সোমবার এদিন ধার্য করে আদেশ দেন ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হক।
গত ১৮ সেপ্টেম্বর আজহারুলের বিরুদ্ধে মামলার কার্যক্রম শেষে রায় অপেক্ষমাণ (সিএভি-কেস অ্যায়োটিং ভারডিক্ট) রাখেন ট্রাইব্যুনাল। এটি হবে জামায়াতের শীর্যস্থানীয় অষ্টম নেতার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়।
জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে যাওয়ার পর আজহারুল ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেন।
২০১২ সালের ২২ আগস্ট মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত আজহার ওই পদে ছিলেন।
