বিনোদন ডেস্ক ॥
ঢাকা: বংশগত ক্যান্সারের ঝুঁকি এড়াতে দু’বছর আগেই অস্ত্রোপচার করে নিজের সুডৌল স্তন-যুগল ফেলে দিয়েছিলেন শারীরিক সৌন্দর্যের জন্য বিশ্বের লাখো পুরুষের হৃদয়ে কাঁপন তোলা হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। স্তন ক্যান্সারে জোলির মা মারা যাওয়ার পর তিনি এই সিদ্ধান্ত নেন।
এবার একই কারণে জোলি শরীর থেকে কেটে বাদ দিলেন তার ডিম্বাশয় এবং ফেলোপিয়ান টিউব। সম্প্রতি পরীক্ষায় ওভারিয়ান ক্যান্সারের ঝুঁকি নির্ণীত হওয়ার পর গত সপ্তাহে এই অস্ত্রোপচার করেছেন তিনি। এতে করে তার ক্যান্সারের ঝুঁকি ৫০ ভাগ কমে গেল বলে মনে করছেন চিকিৎসকরা।
‘অ্যাঞ্জেলিনা জোলি পিট: দ্য ডায়েরি অফ আ সার্জারি’ নামে একটি প্রতিবেদনে জোলি লিখেছেন –
“অত্যন্ত কঠিন ছিল এই সিদ্ধান্ত নেওয়া। কিন্তু আমার সন্তান আর নাতি-নাতনিদের সঙ্গে জীবনের আনন্দময় কিছুদিন কাটানোর জন্য এ ছাড়া উপায় ছিল না”।
একাধিকবার শারীরিক আবেদনে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় নারীর খেতাব পাওয়া জোলিকে এই কঠিন সিদ্ধান্ত বাস্তবায়নে বরাবরের মতো শক্তি ও সমর্থন যুগিয়ে গেছেন তার স্বামী আরেক হলিউড তারকা ব্র্যাড পিট।
