স্পোর্টস ডেস্ক ॥
ঢাকা: রিয়াল সোসিয়েদাদকে ২-০ গোলে হারিয়ে লা লিগায় টানা তৃতীয় জয় তুলে নিল বর্তমান চ্যাম্পিয়ন অ্যাথলেটিকো মাদ্রিদ। এই জয়ের ফলে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান ২-এ নামিয়ে আনলো দিয়েগো সিমিওনের দল।
অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে একটি গোল করেন অ্যান্টনি গ্রিজম্যান। অপর গোলটি হয় আত্মঘাতী।
মঙ্গলবার খেলার দ্বিতীয় মিনিটেই আত্মঘাতী গোলে এগিয়ে যায় অ্যাথলেটিকো মাদ্রিদ। কোকে’র করা কর্নার থেকে ভেসে আসা বলে হেড করে দলকে বিপদে ফেলেন রিয়াল সোসিয়েদাদের ডিফেন্ডার মিকেল গঞ্জালেস।
এর আট মিনিট পর দলের হয়ে ব্যবধান দ্বিগুন করেন অ্যান্টনি গ্রিজম্যান। সোসিয়েদাদের গোলরক্ষক জেরোনিমো রুলি’র ভুলে বল পেয়ে গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন গ্রিজম্যান। কোকে’র নেয়া শট এগিয়ে গিয়ে রক্ষা করতে গিয়ে এই আর্জেন্টাইন গোলরক্ষক গ্রিজম্যানের দিকে ঠেলে দেন। গোলের সহজ সুযোগ পেয়ে গোল করতে ভুল করেননি এই ফরাসি মিডফিল্ডার।
গোলদাতা গ্রিজম্যানকে অভিনন্দন
বাকি সময়টুকু অনেক চেষ্টা করেও গোল করতে পারেনি কোনো দল। তবে গোটা ম্যাচ ধরে অ্যাথলেটিকোর আক্রমণ সামলাতে বেশ হিমশিম খেতে হয় সোসিয়েদাদকে। গোলরক্ষক রুলি তিনটি দুর্দান্ত ‘ক্লিনশিট’ না করলে ডেভিড ময়েসের দল আরও বড় ব্যবধানে হারতে পারতো।
এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে আনল দিয়েগো সিমিওনের দল। ৩০ ম্যাচ শেষে ৬৫ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে অ্যাথলেটিকো। এক ম্যাচ কম খেলে ৬৭ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ। ২৯ ম্যাচে সর্বোচ্চ ৭১ পয়েন্ট নিয়ে সবার ওপরে বার্সেলোনা।
