Skip to content

রেলে কমছে স্টেশন মাস্টার বাড়ছে সহকারী স্টেশন মাস্টার

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: রেলওয়েতে সহকারী স্টেশন মাস্টারের পদ বাড়ছে। স্টেশন মাস্টার (গ্রেড- ৪) পদ সংখ্যা ৩০০ কমিয়ে ‘সহকারী স্টেশন মাস্টার’ পদ ৩০০ বাড়ানো হচ্ছে। এরই মধ্যে পদ বিলুপ্তকরণ ও সৃষ্টির প্রস্তাবে সম্মতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগ। আজ মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির বৈঠকে এ প্রস্তাবটি অনুমোদনের জন্য উঠছে। অনুমোদন মিললে তিন শতাধিক সহকারী স্টেশন মাস্টার পদে লোক নিয়োগ দিতে পারবে বাংলাদেশ রেলওয়ে।

রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রেলওয়েতে স্টেশন মাস্টারের বিভিন্ন গ্রেডে এক হাজার ২০৫টি পদ রয়েছে। এর মধ্যে সহকারী স্টেশন মাস্টারের সংখ্যা ১১৪টি, স্টেশন মাস্টার (গ্রেড-৪) এর পদ সংখ্যা ৬৭৭টি, স্টেশন মাস্টার (গ্রেড-৩) এর পদ সংখ্যা ৩৪৭টি, স্টেশন মাস্টার (গ্রেড-২) এর পদ সংখ্যা ৩৮টি এবং স্টেশন মাস্টার (গ্রেড-১) এর পদ সংখ্যা ২২টি। এসব পদের মধ্যে সহকারী স্টেশন মাস্টারের পদটি শুধুমাত্র সরাসরি নিয়োগ করা হয়। বাকি সব পদই পদোন্নতির মাধ্যমে পূরণ করা হয়। রেলওয়ে তাদের বাস্তব অভিজ্ঞতায় দেখেছে, অনুমোদিত বিভিন্ন গ্রেডের স্টেশন মাস্টারের জনবল পিরামিড আকারে নির্ধারিত নয়। বরং বিপরীতমুখী আকারে নির্ধারিত।
এ কারণে সহকারী স্টেশন মাস্টার থেকে স্টেশন মাস্টার (গ্রেড-৩ ও ৪) পাওয়া যাচ্ছে না। এসব নানা বিষয় চিন্তা করে রেলপথ মন্ত্রণালয়ে বাংলাদেশ রেলওয়ে একটি প্রস্তাব পাঠায়। ওই প্রস্তাবে বলা হয়েছে, স্টেশন মাস্টারের অভাবে ১৪৬টি স্টেশন বন্ধ রয়েছে। আগামীতে স্বাভাবিকভাবে স্টেশন মাস্টারদের অবসরে যাওয়ার কারণে আরও অনেক স্টেশন বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য স্টেশন মাস্টার গ্রেড-৪ এর ৬৭৭টি পদ থেকে ৩০০টি পদ বিলুপ্ত করে স্টেশন মাস্টার গ্রেড-৪ এর পদ সংখ্যা ৩৭৭ নির্ধারণ এবং প্রারম্ভিক সহকারী স্টেশন মাস্টারের ৩০০টি পদ সৃষ্টি করে ৪১৪ নির্ধারণের অনুমোদন চাওয়া হয়। সচিব কমিটিতে পাঠানো রেলপথ মন্ত্রণালয়ের সার সংক্ষেপে বলা হয়েছে, এমনটা করা হলে বিভিন্ন গ্রেডের স্টেশন মাস্টারের অনুমোদিত পদ সংখ্যা ১২০৫ অপরিবর্তিত থাকবে। এ কারণেই রেলওয়ের স্টেশন মাস্টার (গ্রেড-৪) ও সহকারী স্টেশন মাস্টারের সংখ্যা সমন্বয়/পুনঃনির্ধারণের অনুমোদন চাওয়া হয়েছে। (মানবজমিন)

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫