কালীগঞ্জে প্রতিনিধি ॥ গাজীপুরের কালীগঞ্জে মুক্তা বেগম (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় তার স্বামী মাহফুজকে (৩০) আটক করা হয়েছে।
শনিবার (২৭ জুন) সকাল ১১টায় মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
গৃহবধূর পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১১টায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। শনিবার সকালে আত্মীয়রা মুক্তা বেগমের ঝুলন্ত মরদেহ দেখতে পান। তাকে উদ্ধার করে কালীগঞ্জ সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুক্তা বেগমের ভাই আল আমিন অভিযোগ করে বলেন, রাতে ঝগড়ার পর মাহফুজ মুক্তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখে। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি আরও বলেন, বিয়ের পর থেকেই মাহফুজ বেকার অবস্থায় আমাদের বাড়িতে অবস্থান করছিল। মুক্তা প্রাণ আরএফএল কোম্পানিতে চাকরি করে সংসার চালাতো। অথচ মাহফুজ প্রায়ই মারধর করতো তাকে।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফরিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
