বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: ভ্যাট বিরোধী আন্দোলনের প্রভাব পড়েছে রাজধানীর সর্বত্রই। এমনিতে অন্যান্য দিনেই যানজট লেগেই থাকে। তার ওপর আবার অবরোধ। সব মিলিয়ে মরার ওপর খাড়ার ঘা। এই আন্দোলনের জাঁতাকলে পড়েছে স্কুলগুলোও।
বেশ কয়েকটি স্কুল শিক্ষার্থীদের নিরাপত্তা এবং বিড়ম্বনার কথা বিবেচনা করে পরিবহন ব্যবস্থাই বন্ধ করে দিয়েছে। ফলে অভিভাবকসহ শিক্ষার্থীরা পড়েছে চরম বিপাকে।
খোঁজ নিয়ে জানা গেছে, ভিকারুন নিসা ন্যুন স্কুলের বসুন্ধরা শাখার কোনো গাড়ি ছাত্রীদের নিয়ে যায়নি আজ (রোববার)। গত বুধ ও বৃহস্পতিবার ভ্যাটবিরোধী আন্দোলনকারীরা রাস্তা বন্ধ করে দেয়ায় এসব গাড়িকে তীব্র যানজটে নাকাল হতে হয়েছে। বিকেলের শিফটের মেয়েদের রাত ৯টা থেকে ১০টায় বাসায় পৌঁছে দেয়া হয়েছিল।
বাড্ডার এক শিক্ষার্থীর অভিভাবক জানিয়েছেন, পরিবহন সার্ভিসগুলোর পক্ষ থেকে শনিবার রাত ১০টায় ফোন করে জানানো হয়েছে, ভ্যাট বিরোধী আন্দোলনের কারণে তারা আজ কোনো গাড়ি ছাড়বেন না।
যাদের আজ পরীক্ষা আছে তাদের কি হবে জানতে চাইলে সকাল সন্ধ্যা পরিবহনের মালিক মোস্তফা হোসেন বলেন, অনেক অভিভাবক হয়তো নিজ উদ্যোগে তাদের সন্তানদের স্কুলে নিয়ে যাবেন। কিন্তু যেসব অভিভাবকের সকালে সময় পান না তাদের কি হবে সে ব্যাপারে তিনি কিছু বলেননি।
আজ সকালে এই প্রতিবেদককে ফোন করে জানান রামপুরার এক অভিভাবক ওয়াজেদ মিয়া, তার মেয়ের আজ ক্লাস টেস্ট ছিল। পরীক্ষা না দিলে নম্বর কাটা যাবে এই আশঙ্কায় তার মেয়ে কান্নাকাটি করছে বলে জানান তিনি।
আরেক অভিভাবক নুরুন্নাহার খাতুনও সকালে তার মেয়েকে নিয়ে যেতে পারেননি। সেভেনে পড়া তার মেয়েরও আজ ক্লাস পরীক্ষা ছিল।
একই এলাকার হারুন মিয়া নামে আরেক অভিভাবক বলেন, ‘এই অবস্থায় মেয়েকে স্কুলে পাঠাবো না। ৫ নম্বর মিস হয় হোক।’
তবে আজ যেসব শিক্ষার্থী এই আন্দোলনের কারণে স্কুলে যেতে ও পরীক্ষায় অংশ নিতে পারলো না তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেয়া হবে তা জানা যায়নি।
এ ব্যাপারে স্কুলটির প্রিন্সিপাল মোসা. সুফিয়া খাতুনের বক্তব্য জানতে তার অফিসের ৮৩৫০৫০০, ৯৩৪৮২৬৬ নম্বরে কয়েকবার ফোন দেয়া হলেও কেউ তা রিসিভ করেনি। বাংলামেইল২৪ডটকম
