বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর টিউশন ফি’র ওপর আরোপিত সাড়ে ৭ ভাগ ভ্যাট প্রত্যাহারের খবরে আন্দোলনরত শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়ায় রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসছে।
সোমবার দুপুরে মন্ত্রিসভার বৈঠকে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে বিভিন্ন গণমাধ্যমে এমন সংবাদ আসার পর শিক্ষার্থীরা আনন্দ-উল্লাস করে বেশ কয়েকটি স্থান থেকে অবরোধ তুলে নেয়। এর ফলে রামপুরা ব্রিজ, গুলশান-২, ধানমন্ডি ও উত্তরায় যান চলাচল স্বাভাবিক হতে থাকে।
এদিকে অবরোধ তুলে নিলেও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর নিজ নিজ ক্যাম্পাসে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা সরকারের পক্ষ থেকে ভ্যাট প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় আছেন। শিক্ষার্থীদের অনেকেই জানান, আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত তারা এ বিষয়ে আশ্বস্ত হতে পারছেন না। তারপরও তারা সড়ক থেকে অবরোধ তুলে নিয়ে অপেক্ষা করছেন।
এদিকে মন্ত্রিপরিষদের ওই সিদ্ধান্ত আজ যেকোন সময় ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।
এর আগে ভ্যাট আদায়ের ব্যাপারে অর্থমন্ত্রী প্রথমে শক্ত অবস্থানে থাকলেও রোববার বিকালে সচিবালয়ে আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্র নির্মাণসংক্রান্ত এক বৈঠক শেষে তিনি বলেন, সরকার বিষয়টি নিয়ে অনমনীয় নয় এবং বিষয়টি নিয়ে আলোচনার দরজাও বন্ধ নয়। টিউশন ফি’র বিষয়টি পুনর্বিবেচনারও ইঙ্গিত দেন তিনি।
গত বৃহস্পতিবার প্রথম রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা টিউশিন ফি’র ওপর আরোপিত সাড়ে ৭ ভাগ ভ্যাট প্রত্যাহারের দাবিতে রামপুরা ব্রিজ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এরপর আস্তে আস্তে ‘ভ্যাট বিরোধী’ এ আন্দোলন দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে। দেশের অন্যান্য বিভাগ ও জেলা শহরেও শিক্ষার্থীরা ভ্যাট প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে।
আজও ভ্যাট প্রত্যাহারের দাবিতে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিল শিক্ষার্থীরা। এ অবস্থায় দুপুর ১২টায় মন্ত্রিসভার বৈঠক থেকে ভ্যাট প্রত্যাহারের এ সিদ্ধান্ত আসায় সড়ক থেকে অবরোধ তুলে ক্যাম্পাসে অবস্থান শিক্ষার্থীরা।
