বিনোদন ডেস্ক ॥
‘বলিউড বাদশা’ উপাধি অনেক আগেই পেয়েছেন শাহরুখ খান। এছাড়া তার কাজ ও দক্ষতার জন্য তাকে ‘শের’ (সিংহ) বলেও ডাকে অনেকে। দ্বিতীয়বারের মতো ডক্টরেট ডিগ্রি উপাধি পেয়েছেন এই অভিনেতা। গত বৃহষ্পতিবার (১৫ অক্টোবর) যুক্তরাজ্যের এডিনবার্গ বিশ্ববিদ্যালয় মানবপ্রেমের জন্য তাকে এই সম্মাননা দিয়েছে। এ প্রাপ্তিতে অভিভূত কিং খান। সম্মাননা গ্রহণের পর তিনি সকলের সামনে বক্তৃতা প্রদান করেছেন। সেখানে তিনি তার জীবন ও শিক্ষা নিয়ে কথা বলেন।
বক্তৃতা দেওয়ার পর শাহরুখ তার টুইটারে লিখেছেন, ‘এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ে আজ আমার বক্তৃতা ছিলো জীবন ও শিক্ষা নিয়ে। আর এর মাধ্যমে আমি আমার জীবনের সবচাইতে বড় শিক্ষা গ্রহণ করেছি। সত্যিই এটা জাদুর মতো।’
তিনি আরও জানান, ‘সম্মাননাই তোমার কাছে আসবে। যদি তুমি তোমার কাজ ও বইকে ভালোবাসো।’
৪৯ বছর বয়সী এই অভিনেতা ডক্টরেট ডিগ্রি উপাধি হাতে নিয়ে তোলা একটি ছবিও পোস্ট করেছেন টুইটারে। এবারই প্রথম নয়, এর আগেও একবার শিল্প ও সংস্কৃতিরমূলক কাজের জন্য ব্রিটেনে ডক্টরেট ডিগ্রি উপাধি পেয়েছিলেন জনপ্রিয় এই নায়ক।
শাহরুখ এখন ব্যস্ত রোহিত শেঠি পরিচালিত ‘দিলওয়ালে’ ছবির কাজ নিয়ে। এতে তার সহশিল্পী কাজল। ছবিটি মুক্তি পাবে আগামী ১৮ ডিসেম্বর।
