Skip to content

হোশি কুনিও হত্যার দায় স্বীকার চাঁপাই থেকে আটক তিনজনের

স্টাফ রিপোর্টার ॥

চাঁপাইনবাবগঞ্জ: রংপুরে জাপানি নাগরিক হোশি কোনিও হত্যার ঘটনায় দায় স্বীকার করেছে চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে আটক হওয়া তিনজন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে সন্দেহভাজন আসামি হিসেবে অস্ত্রসহ তাদের আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা আলোচিত এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে র‌্যাব-৫ ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল মাহাবুব আলম জানিয়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ এর ক্যাম্পে আটক তিনজনকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।

আটকরা হলো- রংপুরের কতোয়ালী থানার শালবন শাহীপাড়া গ্রামের হানিফের ছেলে রাজিব হোসেন ওরফে মেরিল সুমন (২৫), একই এলাকার শ্রী বাবলু চন্দ্র বর্মনের ছেলে শ্রী কাজল চন্দ্র বর্মণ ওরফে ভরসা কাজল (২৫) ও একই থানার সেন্ট্রাল রোড জুম্মাপাড়া গ্রামের আবদুল লতিফের ছেলে নওশাদ হোসেন ওরফে কালা রুবেল (২৭)। লে. কর্নেল মাহাবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল বৃহস্পতিবার রাত দেড়টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাতনইল গ্রামে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ রাজিব হোসেনকে আটক করে।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পৌর এলাকার বিদিরপুর এলাকা থেকে একটি রিভলবার ও একটি চাপাতিসহ আটক করা হয় মেরিল সুমনের দুই সহযোগী কাজল ও রুবেলকে।

তিনি আরও জানান, র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা রংপুরে জাপানি নাগরিক হোশি কোনিও হত্যার ঘটনায় সংশ্লিষ্ট থাকার কথা স্বীকার করেছেন। এছাড়া ওই হত্যাকাণ্ডের পর থেকেই তারা পলাতক ছিল বলে জানায় র‌্যাব।

আটকদের মধ্যে মেরিল সুমনের বিরুদ্ধে রংপুরে হত্যাসহ ৮টি, কালা রুবেলের বিরুদ্ধে ২টি ও ভরসা কাজলের বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে।

তবে এখন পর্যন্ত তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রমাণ মেলেনি বলে জানান র‌্যাব অধিনায়ক।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫