Skip to content

মালিক পক্ষের কাছে তামিমের দুঃখ প্রকাশ

স্পোর্টস ডেস্ক ॥

ঢাকা: বিপিএলের তৃতীয় আসরে একটি শক্তিশালী দল গঠন করেছিল চিটাগং ভাইকিংসের কর্মকর্তারা। কিন্তু সেই অনুযায়ী সাফল্য পায়নি দলটি। বিদায় নিতে হয়েছে সেরা চারে উঠার আগেই। ভালো দল হওয়া স্বত্তেও সেরা চারে উঠতে না পারায় মালিক পক্ষের কাছে দুঃখ প্রকাশ করেছেন চিটাগং ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবাল।

ঢাকা ডায়নামাইটসের কাছে ৪৫ রানে হেরে এবারের আসর থেকে বিদায় নিয়েছে চিটাগং ভাইকিংস। বিপিএলের প্রথম দুই আসরে চট্টগ্রামের দলটা খেলেছিল চিটাগং কিংস নামে। তৃতীয় আসরে চিটাগং ভাইকিংস নামেই অংশ নেয় দলটি। মালিকানা পরিবর্তন হয়ে প্রসিদ্ধ পোষাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান ডিবিএল গ্রুপ দলের সত্ত্বাধিকারী হয়। অনেক আশা ভরসা নিয়ে আসলেও ডিবিএল গ্রুপ এবং চট্টলাবাসীকে পুড়তে হয়েছে হতাশায়।

মঙ্গলবার সংবাদ সম্মেলনের পর, ভাইকিংস মালিকদের প্রতি দুঃখ প্রকাশ করেন অধিনায়ক তামিম ইকবাল। তারকা এ ক্রিকেটার জানিয়েছেন, ভবিষ্যতেও তিনি ভাইকিংসের হয়ে বিপিএল খেলতে চান। এমনকি তার প্রথম পছন্দ থাকবে ভাইকিংস।

মালিকপক্ষের প্রতি দুঃখ প্রকাশ করে তামিম বলেছেন, ‘আমার ফ্র্যাঞ্চাইজি মালিকরা আমার প্রত্যাশার চেয়ে একশ গুণ বেশি করেছে। প্রথম দিনে যেরকম ছিল, শেষ দিনেও তাদের আচরণ একই ছিল। একটা ব্যাপারই খারাপ লাগছে যে, উনাদের আশা আমরা পূরণ করতে পারিনি। আমরা এজন্য খুবই দুঃখিত। কারণ এই ধরণের মালিক সবসময় পাওয়া যায় না। তারা তাদের কাজটা করেছে, আমরা পারিনি।’

তিনি আরও বলেন, ‘আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করলে আমি অবশ্যই আবার চিটাগং ভাইকিংসে খেলতে চাইব। কারণ আমাকে পুরো স্বাধীনতা দেওয়া হয়েছে, কোনো বাধা পাইনি। তবে কেউ আমাকে জিজ্ঞেস করলে আমি বলব আমার পরবর্তী আসরে পছন্দের তালিকায় এক নম্বর অপশন থাকবে ভাইকিংস।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫