স্টাফ রিপোর্টার ॥
ঢাকা : নানা অভিযোগ জানাতে ভোট শুরুর কিছুক্ষণ পরই বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে (ইসি) এসেছে।
বুধবার সকাল পৌনে ৯টার দিকে সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুকের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল ইসিতে পৌঁছেছে। এসময় প্রধান নির্বাচন কমিশনার এ রিপোর্ট লেখা পর্যন্ত (৯টা) না আসায় নির্বাচন কমিশনার শাহ নেওয়াজের সঙ্গে বৈঠকে বসেছেন।
প্রসঙ্গত, দেশের ২৩৪ পৌরসভায় চলছে নির্বাচন। এতে দীর্ঘ সাত বছর পর মুখোমুখি নৌকা-ধানের শীষ। নির্বাচনে ২০টি দল প্রার্থী দিয়েছে। এতে মেয়র পদে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৯৪৫ জন। তারমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের ৭ প্রার্থী। মোট মেয়র প্রার্থীর মধ্যে নারী প্রার্থী রয়েছেন ১৫ জন।
ইসি সূত্রে জানা গেছে, পৌরসভাগুলোর ৩ হাজার ৫৫৫টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ চলছে। ভোট কেন্দ্রে আছেন ৬৬ হাজার ৭৬৮ জন কর্মকর্তা। মোট ভোট ৭০ লাখ ৯৯ হাজার ১৪৪ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৩৫ লাখ ৫২ হাজার ২৮৪ জন এবং নারী ভোটার ৩৫ লাখ ৪৬ হাজার ৮৬০ জন।
