Skip to content

অধিনায়কের পদ ছাড়লেন আমলা

স্পোর্টস ডেস্ক ॥
ঢাকা: তার চেয়ে অন্য কেউ এই কাজটা ভালো করতে পারবে। আর তার উচিত নিজের খেলায় মন দেয়া। আর তাই কঠিন কাজটা করেই ফেললেন হাশিম আমলা। দক্ষিণ আফ্রিকার অধিনায়কের পদ ছেড়ে দিয়েছেন তিনি। কেপটাউনে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ড্র হওয়ার পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন আমলা। সিরিজের শেষ দুই টেস্টে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন এবি ডি ভিলিয়ার্স। এই সিরিজের আগে থেকেই নেতৃত্ব নিয়ে খানিকটা সমালোচনার মুখে ছিলেন আমলা। নিজের ফর্মও ভালো যাচ্ছিল না। তবে দ্বিতীয় টেস্টে ফর্মে ফিরেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার একমাত্র ইনিংসে করেছেন ২০১ রান। ২০১৪ সালের মাঝামাঝি গ্রায়েম স্মিথ অবসরে গেলেন। এরপর দক্ষিণ আফ্রিকার অধিনায়ক করা হয় আমলাকে। ইংল্যান্ডের বিপক্ষে অধিনায়ক হিসেবে এটি ছিল তার ষষ্ঠ সিরিজ। শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার নেতৃত্বে সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের সাথে বৃষ্টিবিঘ্নিত সিরিজটি ড্র হয়েছিল। এরপর ভারতের মাটিতে ৩-০ তে সিরিজ হেরেছে প্রোটিয়ারা। ইংল্যান্ডের বিপক্ষে আছে ১-০ তে পিছিয়ে। একটি বিবৃতিতে আমলা জানিয়েছেন, “এই সিদ্ধান্তটা সহজ ছিল না। তবে নিজের কাছে সৎ থাকতে চেয়েছি আমি। নিজের সিদ্ধান্তে আমি স্বচ্ছন্দ। আমি মনে করি, নিজের খেলার দিকে মন দিতে হবে। এই পদ যখন আমাকে দেয়া হয়েছিল তখন গভীরভাবে সম্মানিত বোধ করেছিলাম। অধিনায়ক হিসেবে আমার সময়ে সব টিমমেট ও কোচিং স্টাফের সমর্থন পেয়েছি। আমার উত্তরসূরী যেই হোক আমি তাকে পুরো সমর্থন দেবো।” আমলা মনে করেন না তিনি দায়িত্ব ছাড়লেন বলে নেতৃত্বে শূন্যতা তৈরি হবে। আরো জানিয়েছেন, সপ্তাহ দুয়েক আগে থেকে এই ব্যাপারটি ভাবতে শুরু করেন তিনি। “দেশের নেতৃত্ব দেয়াটা সর্বোচ্চ ব্যাপার।” আমলা বলেছেন, “দলের বেশ কয়েকজনের সাথে এ নিয়ে আগেই আমি আলাপ করেছি। তাই মনে করি না এটা বড় ধাক্কা হয়ে এসেছে। আমাদের খুব ভালো নেতৃত্বের দল আছে। আমি, এবি, ফাফ (ডু প্লেসিস)। এবি খুব ভালো নেতা। একই লক্ষ্য তাড়া করি আমরা। আমি, এবি বা স্টেইন, যেই সামনে থাকি না কেন যতক্ষণ পর্যন্ত সঠিক নির্দেশনা থাকবে আমরা সবাই তার সাথেই চলবো।”

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫