Skip to content

আরেকটি আফগান রূপকথা

স্পোর্টস ডেস্ক ॥

ঢাকা: আফগান রূপকথা যেন শেষ হচ্ছে না। একের পর এক সাফল্য তাদের পায়ের নিচে গড়াগড়ি খাচ্ছে! বুধবার রাতে শারজায় পঞ্চম এবং শেষ ম্যাচে জিম্বাবুয়েকে ২ উইকেটে হারিয়ে নতুন বছর সিরিজ জিতে শুরু করলো আফগানিস্তান। এদিন জিম্বাবুয়ের ছুঁরে দেওয়া ২৫০ রানের লক্ষ্য আফগানরা দুই বল হাতে রেখে ৮ উইকেট হারিয়ে টপকে গেছে। ফলে পাঁচ ম্যাচের সিরিজ আফগানিস্তান ৩-২ ব্যবধানে জিতে নিল।

এত অল্প সময়ে আর কোন দল নিকট অতীতে এরকম উন্নতি করতে পারেনি যেমনটা করতে পেরেছে আফগানিস্তান। এমনকি বাংলাদেশও নয়। বাংলাদেশ ওয়ানডে মর্যাদা পেয়েছিল টেস্ট মর্যাদা পাওয়ারও তিন বছর আগে অর্থাৎ ১৯৯৭ সালে। তখনকার বাংলাদেশ কালেভদ্রে দু একটা ম্যাচ জিততে পারতো! কেনিয়ার সঙ্গে জিততেও বাংলাদেশকে বেগ পেতে হয়েছে। সেখানে আফগানদের ক্রিকেটে উত্থান বলতে এই সেদিন। যাদের কোন ক্রিকেট মাঠ নেই! তারা অবলীলায় কিভাবে একটি টেস্ট খেলুড়ে দলকে হারিয়ে দিচ্ছে সেটা গবেষণার বিষয় হতে পারে!

একবার নয় সাম্প্রতিক সময়ে দু’বার জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিল আফগানরা। মাস দুয়েক আগে জিম্বাবুয়ে গিয়ে তাদের মাটিতেই তিন ম্যাচের সিরিজ আফগানিস্তান জিতেছিল ২-১ ব্যবধানে। দুই ম্যাচের টি২০ সিরিজে করেছিল হোয়াইটওয়াশ।

এবার শারজায়ও জিম্বাবুয়েকে ওয়ানডে সিরিজ জিততে দিল না আফগানিস্তান। গুলবাদিন নাইব অপরাজিত ৮২ রানের ইনিংস খেলে অন্য উচ্চতায় নিয়ে গেছেন আফগানিস্তানের ক্রিকেটকে। মাঝে ১৪৬ রানে ৬ উইকেট চলে যাওয়ার পর সিরিজ জয়ের স্বপ্ন বড় হয়েছিল জিম্বাবুয়ের সামনে। কিন্তু গুলবাদিন একাই জিম্বাবুয়েনদের কাছ থেকে ম্যাচ বের করে নিয়ে গেছেন। ছক্কা মেরে দলকে জিতিয়ে তিনি করেছেন ৬৮ বলে ৮২*। তিন চারের পাশে গুলবাদিন ছক্কাই মেরেছেন ছয়টি। তার সঙ্গে ৪১ বলে ৩১ রানের মূল্যবান ইনিংস খেলেছেন রশিদ খান।

উদ্বোধনী জুটিতে মোহাম্মদ শাহজাদ এবং নুর আলী জাদরান ৪৯ রান তোলার পরও আফগানিস্তানকে চাপে পড়তে হয় লুক জঙ্গের কারণে। তিনি একাই আউট করেন টপ অর্ডারের তিন ব্যাটসম্যান শাহজাদ (২৫), নুর আলী (৩০) এবং নওরোজ মঙ্গলকে (২)। ৬৬ রানে ৩ উইকেট হারিয়ে কক্ষচ্যুত আফগানদের পথ দেখান মোহাম্মদ নবী এবং হাসমতুল্লাহ শহীদির চতুর্থ উইকেট জুটি। দু’জনে মিলে যোগ করেন ৫৫ রান। যেখানে শহীদি ২৬ এবং নবী করেন ৩২ রান। ৫০ রানে ৩ উইকেট নিয়েছেন জঙ্গে। সিকান্দার রাজা ৩৭ এবং মাদিভা ৬১ রানে পেয়েছেন ২টি করে উইকেট।

এরআগে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে জিম্বাবুয়ে ৪৯.৫ ওভারে অলআউট হওয়ার আগে স্কোরবোর্ডে জমা করে ২৪৮ রান। যেখানে সবচেয়ে বড় অবদান হ্যামিল্টন মাসাকাদজার। মুলত তার ১১১ বলে ১১০ রানের কল্যাণেই বড় সংগ্রহ পায় জিম্বাবুয়ে। মাসাকাদজা তার ইনিংসটি সাজিয়েছেন নয়টি চার এবং চারটি ছয়ের সাহায্যে।

জিম্বাবুয়ের ইনিংসে বাকিদের মধ্যে কেউই পঞ্চার্দ্ধো ইনিংস খেলতে পারেননি। উদ্বোধনী ব্যাটসম্যান পিটার মুর ৭৬ বলে ৪২ এবং রিকমন্ড মুতামবামি ৪৭ বলে খেলেছেন ৪২ রানের ইনিংস। এছাড়া ২৩ বলে ২৯ রান এসেছে সিকান্দার রাজার ব্যাট থেকে। আমির হামজা ৪১ রানে ৩টি, মোহাম্মদ নবী ২৩, রশিদ খান ৫৯ এবং দৌলত জাদরান ৭১ রানে পেয়েছেন ২টি করে উইকেট।

ম্যাচসেরা হয়ে আফগানদের জেতানোর পুরস্কার পেয়েছেন গুলবাদিন নাইব। ধারাবাহিকতা দেখিয়ে মোহাম্মদ শাহজাদ হয়েছেন ম্যান অব দ্য টুর্ণামেন্ট। দুই ম্যাচের টি২০ সিরিজ শুরু হবে শুক্রবার থেকে। রোববার হবে দ্বিতীয় এবং শেষ টি২০ ম্যাচটি। এরপরই বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে চার ম্যাচের টি২০ সিরিজ খেলতে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫