Skip to content

বিসিএসে মুক্তিযুদ্ধের ওপর ১০০ নম্বর

স্টঅফ রিপোর্টার ॥

ঢাকা: বিসিএসের লিখিত পরীক্ষায় মুক্তিযুদ্ধের ইতিহাসের ওপর ১০০ নম্বর রাখার কার্যক্রম চলছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক-মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

জাতীয় সংসদে সোমবার প্রশ্নোত্তর পর্বে হুইপ শহিদুজ্জামান সরকারের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

মোজাম্মেল হক বলেন, বিসিএস পরীক্ষায় বাংলাদেশের ২৩ বছরের মুক্তিসংগ্রাম এবং ৯ মাসের মুক্তিযুদ্ধের ওপর এক শ নম্বর রাখার কার্যক্রম চলছে। একই সঙ্গে মুক্তিযুদ্ধের কথা যাতে আমাদের পরবর্তী প্রজন্ম স্মরণ রাখে সেজন্য পাঠ্যসূচিতেও মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন বিষয় রাখা হবে।

সিরাজুল ইসলামের প্রশ্নের জবাবে মোজাম্মেল হক বলেন, ৪১ জন বীরাঙ্গনার নাম ইতিমধ্যে মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটে প্রকাশ করা হয়েছে। ৩২ জন বীরাঙ্গনার নাম মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটে প্রকাশের জন্য চূড়ান্ত করা হয়েছে। আরও ১২১টি আবেদন যাচাই-বাছাই চলছে।

সামশুল হকের সম্পূরক প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক-মন্ত্রী বলেন, আগের ২৩ বছরের ইতিহাসকে বাদ দিয়ে মুক্তিযুদ্ধের কথা ভাবা যায় না। এই ইতিহাসের অন্যতম একটি মাইলফলক আগরতলা ষড়যন্ত্র মামলা। এটি আসলে ষড়যন্ত্র ছিল না। দেশ স্বাধীন করার পরিকল্পনা ছিল। এই মামলায় বঙ্গবন্ধুর সঙ্গে যারা অভিযুক্ত ছিলেন তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাই এই মামলায় অভিযুক্তদের জন্য রাষ্ট্রীয় স্বীকৃতির ব্যবস্থা করা হবে।

জাতীয় পার্টির নূর-ই-হাসনা লিলি চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ১০ হাজার টাকায় উন্নীত করা হবে। বর্তমানে তারা আট হাজার টাকা করে পান। এ ছাড়া খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা কয়েক গুণ বাড়ানোর বিষয়টি সরকার বিবেচনা করছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫