Skip to content

ইটিভির সালামের বিরুদ্ধে মামলা করেছে দুদক

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা : বেসরকারি টিভি চ্যানেল একুশে টেলিভিশনের (ইটিভি) সাবেক চেয়ারম্যান আব্দুস সালামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে প্রায় ৩৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এ মামলা করেছে সংস্থাটি।

মামলা খবরটি নিশ্চিত করে দুদকের একটি সূত্র জানয়েছে, বুধবার বেলা ১১টার দিকে তেজগাঁও থানায় মামলাটি রুজু হয়েছে। মামলা নম্বর ৪। এর আগে মঙ্গলবার বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে আব্দুস সালামের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নেয় কমিশন। মামলার বাদি হয়েছেন দুদকের উপ-পরিচালক ও অনুসন্ধার কর্মকর্তা শামসুল আলম।

দুদক সূত্রে জানা যায়, একুশে টিভির দায়িত্বে থাকা অবস্থায় আব্দুস সালাম প্রমোশন, লিগ্যাল, বিনোদনসহ বিভিন্ন খাতের ভুয়া বিল দেখিয়ে প্রায় ৩৫ কোটি টাকা আত্মসাৎ করেছেন। যা দণ্ডবিধির ৪২০/ ৪০৬ সহ প্রযোজ্য ধারায় শাস্তিযোগ্য অপরাধ। তবে তথ্য গোপন করে বিদেশি কোম্পানি ‘সিটিকপ’র নামে থাকা ইটিভির শেয়ার স্থানান্তরের অর্থ হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগ ছিল দুদকে আসা অভিযোগে। এই অভিযোগের অনুসন্ধান করতে গিয়ে টাকা আত্মসাতের তথ্যটি বেরিয়ে আসে।

এছাড়া তার বিরুদ্ধে আসা অভিযোগে আরো বলা ছিল- ইটিভির লোকাল শেয়ারহোল্ডারদের কাছ থেকে অস্ত্রের ভয় দেখিয়ে নিজস্ব লোকজনের নামে হস্তগত করেছেন তিনি। এসব অভিযোগের যাচাই-বাছাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। এজন্য উপপরিচালক শামসুল আলমকে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে এবং পরিচালক মো. নূর আহম্মদকে তদারকী কর্মকর্তা হিসেবে দায়িত্ব দিয়েছিল কমিশন।

উল্লেখ্য, গত বছরের ৮ জানুয়ারি বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান ও আব্দুস সালামসহ আরও কয়েকজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা দায়ের করা হয়। বর্তমানে ওই মামলায় আব্দুস সালাম কারাগারে আছেন। এর আগে পর্নোগ্রাফির মামলায় একই বছরের ৬ জানুয়ারি আবদুস সালামকে গ্রেপ্তার করা হয়। ২০১৪ সালের ২৬ নভেম্বর এক নারী বাদি হয়ে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ওই মামলা করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫