Skip to content

নটরডেম থেকে কদমতলী পর্যন্ত নতুন ফ্লাইওভার

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: রাজধানীর নটরডেম কলেজের সামনে থেকে বাবুবাজার পার হয়ে কদমতলী সার্কেল পর্যন্ত নতুন একটি ফ্লাইওভার নির্মাণ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (২৩ মার্চ) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের অষ্টম সভা শেষে সাংবাদিকদেরকে এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, নতুন এ ফ্লাইওভারের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে আড়াই হাজার কোটি টাকা। বাস্তবায়ন করবে গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

ওবায়দুল কাদের আরো জানান, নির্মাণাধীন মৌচাক-মগবাজার ফ্লাইওভারের তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় থেকে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত অংশের কাজ শেষ হয়েছে। আগামী ৩০ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অংশের উদ্বোধন করবেন। এরপরই এ অংশে যান চলাচল শুরু হবে।

তিনি জানান, চলতি বছরেই এ ফ্লাইওভারের মগবাজার থেকে রাজারবাগ ও মালিবাগ আবুল হোটেল পর্যন্ত অংশ খুলে দেওয়া সম্ভব হবে।

ওবায়দুল কাদের আরও জানান, এপ্রিলের শেষ সপ্তাহে মেট্রোরেলের নির্মাণ কাজ উদ্বোধন করা হবে। এ লক্ষ্যে আগামী ২৭ মার্চ মেট্রোরেলের প্রথম প্যাকেজের (ডিপো ল্যান্ড ডেভোলপমেন্ট) চুক্তি স্বাক্ষর করা হবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের এ সভায় আরো উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫