Skip to content

বিমা খাতে নৈতিকতার অভাব রয়েছে

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা : আমাদের দেশে অনিয়ন্ত্রিতভাবে বিমাশিল্প গড়ে উঠেছে। ফলে এ খাতে নৈতিকতার অনেকটা অভাব রয়েছে।

বুধবার (২৩ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৩ দিনব্যাপী ‘বিমা মেলা-২০১৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এসব কথা বলেন।

তিনি বলেন, ‘মানুষ বিমা করে বিনিময়ে কিছুই পায় না। এ কারণে বিমার প্রতি মানুষের আস্থা দিন দিন কমছে। তবে সংশ্লিষ্টরা বিমা খাতের ওপর আস্থা ফেরানোর চেষ্টা করছে। এ মেলা আয়োজনের মাধ্যমে মানুষের মধ্যে অনেকটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হবে।’

মুহিত বলেন, ‘বিমাশিল্পকে নিয়ন্ত্রণ করার জন্য তত্ত্বাবধায়ক সরকার প্রথম উদ্যোগ গ্রহণ করে। এর পর আওয়ামী লীগ সরকার এসে তা বাস্তবায়ন করে।’

তিনি বলেন, ‘বিমাশিল্পে নৈতিকতার বড়ই অভাব আছে। মানুষ বিমা করে কিন্তু কিছুই পায় না। ফলে এ খাতের প্রতি মানুষের আগ্রহ থাকে না। যদিও পোশাকশিল্পের পর সর্বোচ্চ জনশক্তির খাত এটি।’

তিনি আরও বলেন, ‘বিমা আইন ২০১০ এর মাধ্যে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) গঠন করা হয়েছে। এটি গঠন করার পর খুব সুন্দর করে তারা এ খাতকে পরিচালনা করছে। এখন বিমাশিল্পের বিকাশ মন্দ না।’

আইডিআরএ-র চেয়ারম্যান এম শেফাক আহমেদ বলেছেন, ‘বিমা খাতের অবহেলার কারণে দেশের উদীয়মান অর্থনীতিতে কাঙ্ক্ষিত অবদান রাখতে পারেনি। এর মূল কারণ বিমা সম্পর্কে সাধারণ মানুষের ভ্রান্ত ধারণা এবং কিছু কোম্পানির প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ড। এ ছাড়া এ খাতে দক্ষ জনশক্তির অভাব রয়েছে।’

আইডিআরএ চেয়ারম্যান এম শেফাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ইউনুসুর রহমান, আইডিআরএ সদস্য মো. কুদ্দুস খান, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি বি এম ইউসুফ আলী প্রমুখ।

‘নিরাপদ ভবিষ্যতের জন্য বিমা’ স্লোগানকে সামনে রেখে দেশে প্রথমবারের মতো বিমা মেলার আয়োজন করছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার উম্মুক্ত থাকবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫