স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: দলীয় কর্মীদের থেকে সরকারের মন্ত্রী-এমপিরা দূরে সরে গেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগেরই সভাপতি মন্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায়।
শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘আমাদের দলের মন্ত্রী, এমপি যারা আছেন তারা জনগণের দুয়ারে পৌঁছাতে পারেননি। দলের কর্মীদের থেকেও তারা দূরে সরে গেছেন।’ সংগঠনকে সুসংগঠিত করতে মাঠ পর্যায়ে গিয়ে জনগনের সঙ্গে সম্পৃক্ত হতে মন্ত্রী, এমপিদের অনুরোধ জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় এ নেতা।
সতীশ চন্দ্র বলেন, ‘বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা খুব সুখে আছি বলা যাবে না, বলা যায় আমরা মধ্যম পর্যায়ে আছি। দেশের কোনো সমস্যা হলে এমনকি প্রতিপক্ষ দলের লোকজনকে মোকাবেলা করার জন্য বা সামনে এগিয়ে গিয়ে প্রতিবাদ করার মত ক্ষমতা নেই। মাঠ পর্যায়ে যারা আছেন তারা আওয়ামী লীগকে সমর্থন করেন ঠিক আছে কিন্তু প্রতিবাদ করার ক্ষমতা তাদের নেই।’
তিনি বলেন, ‘ইউপি নির্বাচনে দলের নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা কেন? এটা কী? গণতন্ত্রকে সুদৃঢ় করার জন্য ইউপি নির্বাচন দলীয়ভাবে দেয়া হয়েছে। কিন্তু আমাদের নেতাকর্মীরা এ কী শুরু করেছেন?’
সরকারের মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আমরা সরকারে এবং দলে অনেকেই আছি যারা সংগঠনকে (আওয়ামী লীগ) মজুত করি না, সংগঠনকে ব্যবহার করি। শেখ হাসিনা একা কাজ করে যাচ্ছেন। ওনার পক্ষে একা সম্ভব না। আমাদের সম্মিলিতভাবে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।’
চলমান রাজনীতি নিয়ে বঙ্গবন্ধু একাডেমির এ আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সামসুল হক টুকু, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী, হুমায়ুন কবির মিজী।
