স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: সরকারি ঘোষণা অনুযায়ী ৩১ মে রাত ১২টা মধ্য যারা সিম বায়োমেট্রিক নিবন্ধন করেনি তাদের সিম বন্ধ করার প্রক্রিয়া শুরুহয়ে গেছে। বিটিআরসির হিসেব অনুযায়ী আড়াই কোটির বেশি সিম বন্ধের প্রক্রিয়া শুরু করেছে মোবাইল ফোন অপারেটরগুলো।
টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি এর সচিব মো. সরওয়ার আলম বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী অপারেটররা অনিবন্ধিত মোবাইল সিম নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছে।
বিটিআরসির সর্বশেষ তথ্য অনুযায়ী, গ্রাহকের হাতে থাকা প্রায় ১৩ কোটি ২০ লাখ সিমের মধ্যে ১০ কোটি ৪৮ লাখ ৬৫ হাজার ৩০৬ সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত হয়েছে।
এর মধ্যে গ্রামীণফোনের ৪ কোটি ৯০ লাখ ১৫ হাজার ৮৯৬টি, বাংলালিংক দুই কোটি ৬৬ লাখ ৪৬ হাজার ৪৭৬, রবি দুই কোটি ১০ লাখ চার হাজার ৩২২, এয়ারটেল ৭৬ লাখ ৮০ হাজার ৬৫১, রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটকের ১২ লাখ ৭৪ হাজার ২৫২টি এবং সিটিসেলের এক লাখ ৪৩ হাজার ৭০৯টি সিম নিবন্ধিত হয়েছে।
যেসব সিম বন্ধ বন্ধ হয়ে যাবে ৫৪০ দিনের মধ্যে বায়োমেট্রিক ভেরিফিকেশন করে পুনরায় সিম চালু করা যাবে। বন্ধ হয়ে যাওয়া সিম পুনরায় পেতে প্রমাণ সাপেক্ষে কিনতে হবে হবে নিজের সিমটি।
৪৫০ দিন পার হওয়ার পর বিজ্ঞপ্তির মাধ্যমে সংযোগ বিক্রির ঘোষণা দিতে পারবে অপারেটর। এরপর ভেরিফিকেশন করে সংযোগ পেতে ৯০ দিন সময় পাবেন গ্রাহক।
তবে সিম পুনর্নিবন্ধন না হলে নির্ধারিত সময়ের পর অন্য গ্রাহকের কাছে সিমটি বিক্রি করা যাবে। আর যারা জাতীয় পরিচয়পত্রের পরিবর্তে পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স/জন্ম নিবন্ধন সনদ ব্যবহার করে নিবন্ধন করেছেন সেই নিবন্ধনের মেয়াদ ছয় মাস।
অবশ্য মঙ্গলবার রাত ১২টা নাগাদ কতটি সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত হয়েছে তার সঠিক পরিসংখ্যান দিতে পারেনি বিটিআরসি।
বিটিআরসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মঙ্গলবার ৪০ লাখের মত সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত হতে পারে। এ হিসাবে সিম নিবন্ধন পৌনে ১১ কোটির বেশি দাঁড়াতে পারে।
