স্টাফ রিপোর্টার ॥
জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানিয়েছেন, যোগ্য নাগরিক না থাকাসহ বিভিন্ন কারণে বিভিন্ন মন্ত্রনালয় ও অধিদপ্তর, দপ্তরসমুহে ৩ লাখ ২৮ হাজার ৩১১টি পদ শূন্য রয়েছে।
আজ বৃহস্পতিবার সংসদে প্রশ্নোত্তরে বেগম ওয়াসিকা আয়শা খানের এক প্রশ্নের জবাবে মন্ত্রী ডিসেম্বর ২০১৫ পর্যন্ত সংগৃহীত তথ্য বরাত দিয়ে তিনি এসব কথা বলেন।
আশরাফুল ইসলাম জানান, সাধারণত কোন দপ্তর সৃষ্টি কিংবা বিদ্যমান কোন দপ্তরের কার্যক্রমের পরিধি বৃদ্ধি ঘটলে সংশ্লিষ্ট মন্ত্রনালয়/বিভাগের চাহিদা পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রনালয় নতুন পদ সৃজনের প্রচলিত বিধি অনুযায়ী সম্মতি প্রদান করে থাকে।
তিনি জানান, জনপ্রশাসন মন্ত্রনালয় স্ব-উদ্যোগে কোন পদ সৃষ্টি করেনা। বিভিন্ন মন্ত্রনালয়/বিভাগ এবং এর অধীন সংস্থা সমুহের চাহিদার পরিপ্রেক্ষিতে সরকারি কর্মকমিশনের মাধ্যমে ৮ম, ৯ম ও ১০-১২ গ্রেডের (১মও ২য় শ্রেণী) শূন্য পদে জনবল নিয়োগ করা হয়ে থাকে। ১৩-২০ গ্রেডের (৩য় ও ৪র্থ শ্রেণী) শূন্য পদ স্ব স্ব দপ্তর/ সংস্থার নিয়োগ বিধি অনুযাযী সংশ্লিষ্ট দপ্তর/ সংস্থা কর্তৃক পূরণ করা হয়ে থাকে। এটি একটি চলমান প্রক্রিয়া।
সরকারি কর্মকর্তা কর্মচারি ১৩ লাখ ৮২ হাজার ৩৯৩ : সাংসদ নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের জবাবে জনপ্রশাসন মন্ত্রী জানান, ডিসেম্বর ২০১৫ পর্যন্ত সংগৃহীত তথ্য অনুযায়ী বিভিন্ন মন্ত্রনালয়/ বিভাগ ও সরকারি দপ্তর সমুহে কর্মরত কর্মকর্তা কর্মচারির সংখ্যা ১৩ লাখ ৮২ হাজার ৩৯৩জন। তাদের মধ্যে মহিলা কর্মকর্তা কর্মচারি ৩ লাখ ৭৮ হাজার ৩৫৪জন এবং পুরুষ কর্মকর্তা কর্মচারি ১০ লাখ ৪ হাজার ৩৯ জন। বর্তমানে শূন্য পদের সংখ্যা ৩ লাখ ২৮ হাজার ৩১১টি।
