Skip to content

তাহিরের ৭ উইকেট, প্রোটিয়াদের বড় জয়

স্পোর্টস ডেস্ক ॥
ঢাকা: ইমরান তাহির ক্যারিয়ার সেরা বোলিংটা করলেন বুধবার, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ৯ ওভারে ৪৫ রান খরচায় তুলে নিলেন মূল্যবান ৭টি উইকেট। একদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকার প্রথম বোলার হিসেবে তাহির দখলে নিয়েছেন ৭ উইকেট, পাশাপাশি প্রোটিয়াদের হয়ে সবচেয়ে কম ম্যাচে ছুঁয়েছেন শততম উইকেটের মাইলফক। তার স্পিন বিষে কুপোকাত ক্যারিবীয়রা। চলমান ত্রিদেশীয় সিরিজে ষষ্ঠ ম্যাচে তাহিরের অসাধারণ বোলিং নৈপুণ্যে জেসন হোল্ডারের দলের বিপক্ষে ১৩৯ রানের ব্যবধানে বড় পেয়েছে দক্ষিণ আফ্রিকা।

এই জয়ে পয়েন্ট তালিকায় ফের শীর্ষে উঠে আসল প্রোটিয়ারা। ৪ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। সমান দুটি করে ম্যাচে জিতেছে ও হেরেছে এবি ডি ভিলিয়ার্সের দল। সমসংখ্যক ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়ার অবস্থান দ্বিতীয়। আর স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে নেমে গেছে।

সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ৩৪৩ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ৩৮ ওভারে ২০৪ রান তুলতেই অলআউট হয়ে যায় হোল্ডারের ওয়েস্ট ইন্ডিজ।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা অবশ্য ভালোই ছিল ওয়েস্ট ইন্ডিজের। ওপেনিং জুটিতে ৬৯ রান আসে তাদের। ক্যারিবীয়দের উদ্বোধনী জুটি ভাঙেন ইমরান তাহির। সাজঘরে ফেরান আন্দ্রে ফ্লেচারকে (২১)। অপর ওপেনার জনসন চার্লস ফিফটির কাছে গিয়ে খেই হারিয়ে ফেলেন। ব্যক্তিগত ৪৯ রানের মাথায় শামসির বলে ডু প্লেসিসের হাতে ক্যাচ তুলে দেন। এরপর ড্যারেন ব্রাভোকে (১১) প্যাভিলিয়নের পথ দেখান ওয়েন পারনেল।

দিনেশ রামদিনও ১১ রানের বেশি করতে পারেননি। ক্যারিবীয় এই উইকেটরক্ষক শিকার শামসির। বাকি সময়টাতে ছিল তাহির শো। তিনি একে একে সাজঘরে ফেরান মারলন স্যামুয়েলস (২৪), জেসন হোল্ডার (১৯), কার্লোস ব্রাফেট (০), কাইরন পোলার্ড (২০), সুলেমান বেন (০) ও জেরমে টেলরকে (১৬)। সুনীল নারিন ১৮ রানে অপরাজিত ছিলেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে তাহিরের ৭ উইকেটের পাশাপাশি  শামসি নেন ২টি উইকেট। আর ১টি উইকেট নিয়ে সন্তুষ্ট ছিলেন ওয়েন পারনেল।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে সেঞ্চুরি করেছেন দক্ষিণ আফ্রিকার ওপেনার হাশিম আমলা। পোলার্ডের শিকার হওয়ার আগে ৯৯ বলে ১৩টি চারের মারে ১১০ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলেছেন দুর্দান্ত ফর্মে থাকা প্রোটিয়া এই ক্রিকেটার। আরেক উদ্বোধনী ব্যাটসম্যান ৭১ রান করে জেরমে টেলরের বলে সরাসরি বোল্ড হন।

অলরাউন্ডার ক্রিস মরিসকে ওয়ানডাউনে নামিয়ে হয়তো জুয়া খেলতে চেয়েছিল প্রোটিয়া। ২৬ বলে ২টি করে চার ও ছক্কায় ৪০ রানের ঝড়ো ইনিংস খেলে সাজঘরে ফেরেন মরিস। অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের ব্যক্তিগত ইনিংস থামে ২৭ রানে। ফাফ ডু প্লেসিস ৭১ রানে ও জেপি ডুমিনি ১০ রানের অপরাজিত থেকে ক্রিজ ছাড়েন।

ওয়েস্ট  ইন্ডিজের পক্ষে সেরা বোলার কাইরন পোলার্ড। পকেটে পুরেছেন দুটি উইকেট। কার্লোস ব্রাফেট ও জেরমে টেলরের ঝুলিতে জমা পড়েছে একটি করে উইকেট। আর প্রোটিয়াদের হয়ে ৭ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ইমরান তাহির।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫