Skip to content

সোনাইমুড়ীতে কলেজছাত্রকে গুলি করে হত্যা

জেলা প্রতিনিধি, নোয়াখালী ॥
জেলার সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নে বাড়িতে ঢুকে আসিফ উদ্দিন শান্ত (২১) নামে এক কলেজছাত্রকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় আহত হয় আরো ৩ জন।

বৃহস্পতিবার রাত ১টার দিকে বটগ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত আসিফ উদ্দিন শান্ত ওই গ্রামের মুজিব মুন্সি বাড়ির সাহাব উদ্দিনের ছেলে। তিনি নোয়াখালী সরকারি কলেজের গণিত বিভাগের অর্নাস ২য় বর্ষের ছাত্র। আহতদের নাম পরিচয় জানা যায়নি।

নিহতের মামা হাবিবুর রহমান জানান, গত বুধবার বিকেলে তার ছোট ভাগিনা শান্ত বাড়ির সামনে রাস্তার পাশে বসে একটি নোকিয়া মোবাইলে গেমস খেলছিল। ওই সময় রাস্তা দিয়ে মোটরসাইকেল নিয়ে এলাকার চিহ্ণিত সন্ত্রাসী শাহেদসহ ৩ জন যাচ্ছিল। এ সময় তারা শাওনকে দেখে মোটরসাইকেল থামিয়ে তার পরিচয় জিজ্ঞেস করে।

পরিচয় দেয়ার পর শান্ত মিথ্যা কথা বলেছে বলে তাকে মারধর করে ওই সন্ত্রাসীরা। পরে শান্ত ভয়ে দৌড়ে পার্শ্ববর্তী মুজিবুর রহমান ঠিকাদারের বাড়িতে ঢুকে গেলে তারাও বাড়িতে ঢুকে পড়ে শান্তকে মারধর করে। পরে ওই বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে সন্ত্রাসী শাহেদসহ অপরদের ধাওয়া করে ও মারধর করে।

এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার রাত ১টার দিকে সন্ত্রাসী শাহেদ তার লোকজন নিয়ে শান্তদের বাড়িতে হামলা চালিয়ে ঘরে ঢুকে শান্তকে গুলি করে। পরে বাড়ির লোকজনের আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসী এলোপাতাড়ি গুলি ছুড়লে আরো ৩ জন আহত হয়। রাতে স্থানীয়রা শান্তকে আহত অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

সোনাইমুড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। নিহতের পরিবার মামলা করলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫