Skip to content

দেশে ৬৪৮ জন শিক্ষক শিক্ষকতা করছেন জাল সনদে

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
দেশের বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় চাকরি নেয়া অন্তত ৬৪৮ জন শিক্ষকের সনদ জাল বলে চিহ্নিত করেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়াসহ প্রায় ২০ কোটি টাকা ফেরত নেওয়ার সুপারিশ করা হয়েছে। আরও প্রায় পাঁচ হাজার শিক্ষকের বিরুদ্ধে চলছে তদন্ত। এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন পাঠানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে।
বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নিবন্ধন বাধ্যতামূলক করা হয় ২০০৫ সাল থেকে। আর এ জন্য নিবন্ধন কর্তৃপক্ষ এনটিআরসিএ গঠন করে সরকার। এই কর্তৃপক্ষের বিষয়ভিত্তিক পরীক্ষায় অংশ নিয়ে যারা কৃতকার্য হন তারাই নিবন্ধন সনদ পান। পরে এই নিবন্ধন সনদ নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চাকরির আবেদন করেন তারা।
জাল সনদে চাকরি করার অভিযোগ পাওয়ায় গত দেড় বছর ধরে অনুসন্ধান চালায় শিক্ষা মন্ত্রনালয়ের আওতাধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। তাদের সাম্প্রতিক প্রতিবেদনে ৬৪৮ জন শিক্ষককে চিহ্নিত করা হয়, যাদের বেশিরভাগেরই নিবন্ধন সনদ জাল। কারো কারো এসএসসি ও এইচএসসি মাদ্রাসা শিক্ষাবোর্ডের সনদও জাল পাওয়া গেছে।

অভিযোগ আছে নিবন্ধন অধিদপ্তরের ভিতরের একটি চক্র বড় অংকের টাকা লেনদেনের মাধ্যমে সনদ জালিয়াতি করছে।

পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক আহাম্মেদ সাজ্জাদ রশিদ বলেন, “এসব শিক্ষকরা জাল সনদ নিয়ে দীর্ঘদিন ধরে চাকরি করছে। আমাদের অনুসন্ধানে জাল সনদ নিয়ে চাকরি করার প্রমাণও পেয়েছি। এছাড়া আরো অনেক শিক্ষক রয়েছে তাদের বিষয়ে ও অনুসন্ধান চালাচ্ছি”।

এরকম নাটোর সিটি কলেজে চারজন শিক্ষক জাল সনদ নিয়ে দীর্ঘদিন চাকরি করছে। এসব শিক্ষকের সাথে কথা বললে তারা জাল সনদ নেয়ার কথা অস্বীকার করেন। তবে তালিকায় নাম উঠার বিষয়ে তারা কিছু বলেন নি।

সনদ জালিয়াতির মাধ্যমে নিয়োগ পাওয়া শিক্ষকেরা এমপিও সুবিধাও পাচ্ছেন। এ কারণে অভিযুক্তদের কাছ থেকে প্রায় ২০ কোটি টাকা ফেরত নেওয়ার সুপারিশও করা হয়।

মাউশি এর পরিচালক ইলিয়াস হোসেন বলেন, “জাল সনদ দিয়ে চাকরি করার প্রমাণ আমাদের কাছে এসেছে। আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব। যারা জাল সনদ দিয়ে শিক্ষকতা করছেন তারা শিক্ষার্থীদের সাথে প্রতারণা করছেন”।

জালজালিয়াতি আর প্রতারণার মাধ্যমে চাকরি নেয়া শিক্ষকরা কতটা ভাল শিক্ষা ছাত্রদের দিচ্ছেন সেটাই এখন প্রশ্ন।

সূত্র : ইনডিপেনডেন্ট টিভি

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫