স্টাফ রিপোর্টার ॥
জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট দুর্যোগ মোকাবিলা ও সক্ষমতা বৃদ্ধির জন্য গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে এখনো কোনো অনুদান পায়নি বাংলাদেশ। এ তহবিল থেকে সম্প্রতি ভারত-পাকিস্তানসহ ২৭টি দেশ ৭৪ কোটি ৫০ লাখ ডলার সহায়তা পেয়েছে। এ তহবিলের আট কোটি ডলার পাওয়ার কথা থাকলেও সঠিক প্রকল্প পরিকল্পনা ও প্রস্তাব পেশের সক্ষমতার অভাবে পাচ্ছে না বাংলাদেশ।
জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল দক্ষিণ এশিয়া। তাপমাত্রার বাড়ার বড় ধরনের প্রভাব চোখে পড়ছে পরিবেশ-প্রতিবেশে। বাংলাদেশেও বাড়ছে প্রাকৃতিক দুর্যোগের মাত্রা। এ কারণেই বৈশ্বিক জলবায়ু ঝুঁকির সূচকে, ছয় নম্বরে আছে বাংলাদেশ।
ঝুঁকিতে থাকা দেশগুলোকে এপর্যন্ত দুই দশমিক ছয় বিলিয়ন ডলার অনুদান দিয়েছে গ্রিন ক্লাইমেট ফান্ড। তবে বাংলাদেশের ভাগ্যে জোটেনি কিছুই।
দারিদ্র, অতিমাত্রায় কৃষি-নির্ভরতা ও সরকারের মোকাবিলার সক্ষমতা সীমিত হওয়ায় এই ঝুঁকি আরো বড় হয়ে দেখা দিচ্ছে বাংলাদেশে। তবে বিশেষজ্ঞরা বলছেন, ঝুঁকি মোকাবেলায় সঠিক পরিকল্পনা ও প্রকল্প প্রস্তাবে সক্ষমতা না থাকায় মিলছে না অনুদান।
২০১৫ সালে বাংলাদেশকে দুই প্রকল্পে আট কোটি ডলার অনুদান দেয়ার কথা ছিলো গ্রিন ক্লাইমেট ফান্ডের। সে তহবিল শিগগিরই পাওয়া যাবে বলে জানাচ্ছে পরিবেশ মন্ত্রণালয়। কর্মকর্তারা বলছেন, পদ্ধতিগত জটিলতার কারণেই, ঠিক সময়ে হ”েছ না প্রকল্প অনুমোদন।
২০১৪ সাল থেকে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় গ্রিন ক্লাইমেট ফান্ডে জমা পড়েছে ১০ দশমিক তিন বিলিয়ন ডলার। এ অর্থ ২০২১ সালে ১০০ বিলিয়নে ডলারে নেয়ার পরিকল্পনা করছে উন্নত দেশগুলো।
