স্টাফ রিপোর্টার ॥
বিজয়ের মাস চলতি ডিসেম্বরই বাতিল হচ্ছে রাজাকারদের নামে স্থাপিত ৯টি কলেজের নাম বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) কর্মকর্তারা। এবিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামান গতকাল এ প্রতিবেদককে বলেন, রাজাকারের নামে স্থাপিত দেশের ৯টি কলেজের নাম পরিবর্তনের বিষয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের (ডিসি) তদন্তের জন্য চিঠি দেওয়া হয়েছে। ডিসিদের প্রতিবেদন পেলেই কলেজগুলোর নাম পরিবর্তনের নির্দেশ দেওয়া হবে।
প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামান বলেন, চলতি ডিসেম্বর মাসেই রাজাকারদের নাম বাদ দিয়ে মহান ব্যক্তিদের নামে এসব কলেজের নতুন নামকরণ করা হবে। রাজাকারদের নামে স্থাপিত ৯টি কলেজ হলো- টাঙ্গাইল বাসাইলের এমদাদ হামিদা ডিগ্রি কলেজ, গাইবান্ধার সুন্দরগঞ্জের ধর্মপুর আব্দুল জব্বার ডিগ্রি কলেজ, সিরাজগঞ্জের শাহজাদপুরের মাওলানা সাইফুদ্দিন এহিয়া ডিগ্রি কলেজ, নাটোর নলডাঙ্গার ডা. নাসির উদ্দিন তালুকদার কলেজ, সাতক্ষীরা সদরের বাটকেখালী এম এ গফুর মডেল কলেজ, মেহেরপুরের মুজিবনগর আনন্দবাস মিয়া মনসুর একাডেমি, হবিগঞ্জের মাধবপুরের সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজ, চট্টগ্রামের লোহাগড়ার মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ এবং রাঙ্গুনিয়ার সেলিনা কাদের চৌধুরী ডিগ্রি কলেজ।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরকে (মাউশি) রাজাকারদের নামে স্থাপিত কলেজগুলোর নাম মহান ব্যক্তিদের নামে নামকরণের প্রস্তাব পাঠাতে বলেছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ঠিকই থাকবে। শুধু নামগুলো পরিবর্তন হয়ে যাবে।
