কক্সবাজার প্রতিনিধি ॥
অনুপ্রবেশের চেষ্টাকালে ২৬ জন রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার সন্ধ্যা থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে বিচ্ছিন্নভাবে রোহিঙ্গা বহন করা সাতটি নৌকায় এই অনুপ্রবেশ-চেষ্টা চলে।
অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে জানিয়ে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার গণমাধ্যমকে বলেন, আজ সকাল পর্যন্ত সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশের সময় মোট ২৬ জন রোহিঙ্গাকে আটক করে তাদের দেশে ফেরত যেতে বাধ্য করা হয়।
উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন রাজ্যে সে দেশের সেনাবাহিনীর সহিংস অভিযানের কারণে কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশের সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা চলছে। এরই মধ্যে কিছু রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে আশ্রয়ও নিয়েছে।
