স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতি স্মরণ করছে তার শ্রেষ্ঠ সন্তানদের। বুধবার রাত বারোটা এক মিনিটে রায়েরবাজারের বুদ্ধিজীবী স্মৃতিসৌধসহ বিভিন্ন স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্বলনের মধ্যদিয়ে শুরু হয় দিবসের আনুষ্ঠানিকতা।
রাজধানীর রায়েরবাজার বধ্যভূমি ও শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। পরে মোমবাতি জ্বালিয়ে স্মরণ করা হয় মহান মুক্তিযুদ্ধের সময় পাক-হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের হাতে নিহত বুদ্ধিজীবীদের।
পাশাপাশি শহীদ বুদ্ধিজীবীদের আলোকচিত্রের সামনে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংস্কৃতিকর্মীরাও।
