Skip to content

প্রবাসে মৃত্যুদণ্ড থেকে বেঁচে গেলেন এক বাংলাদেশি

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
দুই বাংলাদেশিকে হত্যা ও অপর একজনকে গুরুতর জখমের অভিযোগ থেকে মালয়েশিয়ায় ১০ বছরের কারাদণ্ড ও মৃত্যুদণ্ডের আদেশপ্রাপ্ত আসামি অলিয়ার শেখকে বেকসুর খালাস দিয়েছেন দেশটির আদালত।

স্থানীয় সময় বুধবার মালয়েশিয়ার সর্বোচ্চ আদালত ফেডারেল কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ দীর্ঘ শুনানির পর অলিয়ারকে খালাস দেন।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন অলিয়ার শেখকে দীর্ঘ আট বছর আইনি সহায়তা দেয়। হাইকমিশনের সাবেক শ্রম সচিব মোশাররাত জেবিন ও মোকলেস মামলাটি সব সময় পর্যবেক্ষণ করেন। অলিয়ারকে বাঁচানোর জন্য ব্যক্তিগতভাবে মালয়েশিয়ায় অনেক আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেন মোশাররাত জেবিন। চলতি বছরের ২০ নভেম্বর দূতাবাস থেকে বিদায় নিয়ে তিনি বাংলাদেশে চলে আসেন।

দীর্ঘ আইনি লড়াইয়ের পর আনীত অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় বুধবার জেল থেকে মুক্তি পান অলিয়ার। মুক্তি পেয়েই ছুটে যান বাংলাদেশ হাইকমিশনে। এ সময় তাঁকে ঘিরে এক আনন্দঘন পরিবেশ তৈরি হয়।

জানা যায়, ২০০৮ সালে গোপালগঞ্জের মোকসেদপুর উপজেলার ছাগলছিরা গ্রামের আওয়াল শেখ ঋণ নিয়ে ও ভিটেমাটি বিক্রি করে কলিং ভিসায় বড় ছেলে অলিয়ার শেখকে মালয়েশিয়ায় পাঠান। মালয়েশিয়ায় গিয়ে একটি পোলট্রি ফার্মে কাজে যোগ দেন অলিয়ার। এক রাতে অজ্ঞাত সন্ত্রাসীরা কাদের ও শাহীন নামের দুই বাংলাদেশিকে হত্যা এবং হেলাল নামের অপরজনকে গুরুতর আহত করে পালিয়ে যায়। অলিয়ার শেখ বিষয়টি মালিকপক্ষকে জানাতে যান। এ সময় তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে মালয়েশিয়ার নিগরি সেম্বিলান হাইকোর্ট অলিয়ার শেখকে ১০ বছরের জেলসহ ফাঁসির আদেশ দেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫