স্টাফ রিপোর্টার ॥
স্বাধীনতার ৪৬ বছরে পা রাখলো বাংলাদেশ। ‘রক্তে রাঙ্গা বিজয় আমার’ শ্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বিজয় উৎসবে মাতে তরুণ প্রজন্ম।
ঠিক রাত ১২টা এক মিনিটে স্বাধীনতার প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আতশবাজি ফাটিয়ে বিজয়ের প্রথম প্রহরের উদ্বোধন করেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
৩০ লক্ষ প্রাণের বিনিময়ে পাওয়া এ দেশ গঠনে একসঙ্গে কাজ করার দৃপ্ত শপথ নেয় তরুণরা।
মধ্যরাতে, চাঁদের আলোয় উদ্ভাসিত তরুণ প্রজন্ম। ঠিক, ৪৫ বছর আগে ২৫ মার্চ রাতে যে আঁধার নেমেছিল বাংলায়, সেই শকুনের কালো থাবা মুক্ত হয়ে ৪৫ বছর পরেও স্বাধীন বাংলার আকাশে চাঁদের ঔজ্বল্যে গর্বিত তরুণ সম্প্রদায়।
বিজয়ের সেইদিনকে স্মরণ করতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে তরুণদের উড়লো ৪৫টি ফানুস, পুড়লোবাজি।
দীর্ঘ ৯ মাসের সংগ্রামে রুমী কিংবা আজাদের মতো লাখো তরুণ জীবন দিয়ে মুক্ত করেছে দেশ মাতৃকা। স্বাধীনতা পেয়েছে মুক্ত আকাশে বুক ভরে নিশ্বাস নেয়ার।
৪৫ বছরে স্বাধীনতা লক্ষ্যে কতটুকু পৌঁছাতে পেরেছি আমরা? উত্তরে অনেক অপ্রাপ্তি থাকলেও ভরসা সেই তরুণ প্রজন্ম।
১৪ থেকে ১৬ ডিসেম্বর, বিজয়ের এ উৎসব দেশপ্রেমে উদ্বুদ্ধ করছে আগত সবাইকে।
