রাজশাহী প্রতিনিধি ॥
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ‘নূন্যতম ৩৩ ক্রেডিট’ প্রথা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে অবরুদ্ধ হয়ে নিজ কার্যালয়ে রাত কাটিয়েছেন ভিসি অধ্যাপক মোহা. রফিকুল আলম বেগসহ অন্তত ২৫ শিক্ষক।
শনিবার বিকাল থেকে ক্রেডিট প্রথা বাতিল দাবিতে আন্দোলনরতরা ভিসি কার্যালয়ে সামনে অবস্থান নিলে তিনিসহ অন্যান্য শিক্ষকরা অবরুদ্ধ হয়ে পড়েন।
এ ঘটনায় ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থল ও ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
আন্দোলনকারীরা জানান, তারা রক্ত ঢেলে দাবি আদায়ে কর্মসূচি দিয়েছেন। সেই রক্ত মাড়িয়ে স্যাররা ভিসির কার্যালয়ে প্রবেশ করেছেন। তারা আমাদের অভিভাবক, তবুও এ বিষয়ে বিন্দুমাত্র তাদের মন গলেনি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
শিক্ষার্থীদের সঙ্গে একাত্মততা ঘোষণা করে সেখানে অবস্থান নিয়েছে রুয়েট ছাত্রলীগের নেতাকর্মীরাও। শিক্ষকদের সঙ্গে তারা কয়েক দফা কথা বললেও কোনো সমঝোতা হয়নি।
জানা গেছে, ‘নূন্যতম ৩৩ ক্রেডিট’ প্রথায় রুয়েট শিক্ষার্থীদের পরবর্তী বর্ষে উত্তীর্ণ হতে বাধ্যতামূলক ৪০ ক্রেডিটের মধ্যে ন্যূনতম ৩৩ ক্রেডিট অর্জন করতে হয়। ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ থেকে এ প্রথা চালু করে রুয়েট প্রশাসন। এর আগে কোনো শিক্ষার্থী পরীক্ষায় অকৃতকার্য বা অনুপস্থিতির কারণে ন্যূনতম ক্রেডিট অর্জন করতে ব্যর্থ হলেও পরবর্তী বর্ষে ক্লাস-পরীক্ষা দিতে পারতো।
