বাংলাভূমি২৪ ডেস্ক ॥
লেবাননকে ঘিরে সমুদ্রবাণিজ্য বিস্তারের ব্যাপক সুযোগ রয়েছে বাংলাদেশের। সরকারি নীতি সহায়তা পেলে লেবানন, সিরিয়া, তুরস্ক ও সাইপ্রাসে মেরিটাইম সেক্টরে কাজ করার সুযোগ পাবে বাংলাদেশ নৌবাহিনী, বেসরকারি জাহাজ নির্মাণ শিল্প, পেট্রোবাংলার বাপেক্সসহ তেল গ্যাস অনুসন্ধান খাত। এ জন্য লেবাননের বৈরুত দূতাবাসে একজন নেভাল অ্যাটাচে নিয়োগের প্রস্তাব করেছে বাংলাদেশ নৌবাহিনী। প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যদের কাছে লেবাননে নিয়োজিত নৌবাহিনীর যুদ্ধ জাহাজ আলী হায়দারের পক্ষ থেকে এই বিপুল সম্ভাবনার কথা তুলে ধরা হয়।
সম্প্রতি লেবানন সফরকালে বৈরুত পোর্টে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ আলী হায়দারে লেবাননে নৌবাহিনীর কর্মকাণ্ড সম্পর্কে ব্রিফিং করেন আলী হায়দারের নির্বাহী অফিসার মনিরুজ্জামান। এ সময় লেবাননকে ঘিরে পার্শ্ববর্তী আরব দেশগুলোর মেরিটাইম সেক্টরে বাংলাদেশের সমুদ্রবাণিজ্য বিস্তৃতির কথাও উঠে আসে।
