বিনোদন ডেস্ক ॥
চ্যানেল আই ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার মধ্য দিয়ে সংগীতাঙ্গনে পেশাগতভাবে যাত্রা শুরু হয় সাবরিনা পড়শীর। এরপর প্রথম অ্যালবামেই করেন বাজিমাত। তার এ অ্যালবামের বেশ কিছু গান শ্রোতাপ্রিয়তা পায়। এরপর ধারাবাহিকভাবে কয়েকটি অ্যালবাম প্রকাশ করেন তিনি, যার প্রায় সবক’টিই ছিলো ব্যবসায়িকভাবে সফল। পড়শী অডিও অ্যালবামের বাইরে প্লেব্যাকেও ব্যস্ত সময় পার করছেন। তবে তিনি সবচেয়ে বেশি ব্যস্ত স্টেজ শো নিয়ে। রোযার আগ পর্যন্ত টানা দেশ বিদেশের শোগুলোতে অংশ নিয়েছেন। বর্তমানে নতুন গান নিয়ে চলছে তার ব্যস্ততা। তবে গত কয়েক দিন ধরেই ভারতের মুম্বইয়ে রয়েছেন তিনি। সেখান থেকেই তার মুঠোফোনে কথা হয় মানবজমিনের সঙ্গে। সব মিলিয়ে দিনকাল কেমন কাটছে? পড়শী উত্তরে বলেন, বেশ ভালো। রমজান মাস যেহেতু তাই ব্যস্ততাটা একটু কম। বিশেষ করে শো তেমন একটা হয় না বললেই চলে। তাই পরিবারের সঙ্গেই বেশিরভাগ সময় কাটাচ্ছি। মুম্বই সফরের বিশেষ কোন কারণ আছে? পড়শী বলেন, অবশ্যই। মুম্বইতে টিপস কোম্পানির তাউরানি জি’র সঙ্গে মিটিং হয়েছে। বেশ কিছু পরিকল্পনা চলছে। তবে সে বিষয়ে এখনই কিছু বলতে চাইছি না। পাকাপাকি হলে সব বলবো। ক’দিন আগেই জুয়েল মোর্শেদের সঙ্গে দ্বৈত গান ‘মন ভুইলা’র মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে। তার সাড়া কেমন? পড়শী বলেন, জুয়েল ভাইয়ের সঙ্গে ক্যারিয়ারের শুরু থেকেই কাজ করছি আমি। এর আগেও তার সঙ্গে করা কাজগুলো শ্রোতারা গ্রহণ করেছেন। তার সঙ্গে আমার বোঝাপড়াটা বেশ ভালো। ‘মন ভুইলা’র ক্ষেত্রেও তাই হয়েছে। এর কথা ও সুর রচনা করেছেন তানজীব সারোয়ার। এটার ভিডিওতে আমি ও জুয়েল ভাই অভিনয় করেছি। অনেক ভিন্নধারার একটি ভিডিও। এই ভিডিওটির জন্য অনেক সাড়া মিলেছে। সবাই গানের পাশাপাশি জুয়েল ভাই ও আমার অভিনয়ের প্রশংসা করছেন। সব মিলিয়ে আমি হ্যাপি গানটি নিয়ে। ঈদে নতুন কি গান আসছে? পড়শী বলেন, এবারের ঈদে ইমরান ভাইয়ার সঙ্গে আমার দ্বৈত অ্যালবাম আসছে। এর কাজ অনেক আগে শুরু হয়েছে। তবে শেষ হতে বিলম্ব হয়েছে। কারণ ইমরান ভাই ও আমি দুজনই ব্যস্ত ছিলাম নানা কাজে। আর আমরা তাড়াহুড়ো করতে চাইনি। এবার সিডি চয়েসের ব্যানারে আমাদের ‘আবদার’ শিরোনামের অ্যালবামটি প্রকাশ হবে। তিনটি গান দিয়ে সাজানো হয়েছে এ অ্যালবাম। গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। খুব শিগগিরই এর একটি গানের ভিডিও ধারণের কাজ শুরু হবে। নির্মাণ করবেন তানিম রহমান অংশু। ঈদে ভিডিওসহ অ্যালবামটি প্রকাশ করবো। আমি এটি নিয়ে খুব এক্সাইটেড। সিনেমার গানের খবর কি? পড়শী বলেন, সিনেমার গান নিয়মিত করছি। তবে একটু বেছে কাজ করছি। মনের মতো হলেই কেবল প্লেব্যাক করছি। বেশ কিছু নতুন গানের প্রস্তাব রয়েছে। ব্যটে বলে মিললে করে ফেলবো। বর্তমানে অডিও ইন্ডাস্ট্রির অবস্থা কেমন মনে হচ্ছে? পড়শী বলেন, ভালো। কোম্পানিগুলো অ্যালবামে ভালো বিনিয়োগ করছে। অনেক নতুন কোম্পানি এসেছে। আবার পুরোনো কোম্পানিগুলোও ফিরছে। এটাতো পুরো ইন্ডাস্ট্রির জন্য ইতিবাচক। আরজেগিরি কেমন চলছে? পড়শী বলেন, জাগো এফ এম রেডিও স্টেশনে আমি ‘পড়শী নাইট’ শীর্ষক শো অনেক দিন ধরেই করছি। ভালো সাড়া পাচ্ছি। গানের বাইরে এ বিষয়টি আমার প্যাশনে পরিণত হয়েছে। একটি ছবিতেও তো অভিনয় করা হয়েছে। সামনে কি কোন চলচ্চিত্রে পাওয়া যাবে? পড়শী বলেন, খুব বেশি মনের মতো না হলে আর চলচ্চিত্রে কাজ করবো না। গল্প ও চরিত্রের উপর নির্ভর করবে সেটা। আমি গানের মানুষ, গান নিয়েই থাকতে চাই। মানবজমিন
‘তার সঙ্গে আমার বোঝাপড়াটা বেশ ভালো’
আপডেট :June 11, 2017
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
