স্টাফ রিপোর্টার ॥
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, মোবাইলে ফোনের কলরেটের সর্বনিম্ন অবস্থানের দিক থেকে বাংলাদেশ দ্বিতীয়। বর্তমানে সর্বনিম্ন ২৫ পয়সা হতে সর্বোচ্চ
দুই টাকা কলরেট নির্ধারণ করা আছে। প্রয়োজনে কলরেট কমানো যেতে পারে।
মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ সংক্রান্ত প্রশ্নটি সংসদে উত্থাপন করেন সরকারি দলের সদস্য দিলারা বেগম।
তিনি আরও বলেন, প্রতিযোগিতামূলক মার্কেটে মোবাইল কোম্পানিগুলো নির্ধারিত এই কলরেটের মধ্যেই তাদের ব্যবসা পরিচালনা করে। পাশ্ববর্তী দেশসমূহের তুলনায় এটি যথেষ্ট কম। বর্তমানে দেশে মোবাইল ফোনের গ্রাহক সংখ্যা ১৩ কোটি ৩১ লাখ ১৪ হাজার ২০৬ এবং ইন্টারনেট গ্রাহক সংখ্যা সাত কোটি ৭৭ হাজার ৯৬৯ জন।
ন্যাপের আমিনা আহমেদের অপর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, জনগণের নিকট ইন্টারনেট সেবা পৌঁছে দেয়ার জন্য দুটি বেসরকারি প্রতিষ্ঠানকে নেশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) লাইসেন্স দেয়া হয়েছে। প্রতিষ্ঠান দুটি হচ্ছে- ফাইবার অ্যাট হোম লিমিটেড ও সামিট কমিউনিকেশন লিমিটেড।
