Skip to content

‘অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচেই জয় পাবে বাংলাদেশ’

স্পোর্টস ডেস্ক ॥

দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে চলতি বছরের আগস্টে বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ খেলতে আসবে অস্ট্রেলিয়া দল। আর আসন্ন সেই সিরিজে বাংলাদেশ দল দুটি ম্যাচেই জয় পাবে বলে আশা করছেন টাইগারদের লিটল মাস্টার খ্যাত ব্যাটসম্যান মমিনুল হক।

তাঁর মতে গত শ্রীলংকা সফরে শততম টেস্টে জয় পাওয়ার পরই এই ফরম্যাটে টাইগারদের মনোভাব অনেকখানি বদলে গিয়েছে। খেলোয়াড়রা এখন জানেন কিভাবে টেস্ট খেলতে এবং জিততে হয়। তাই অজিদের বিপক্ষে আত্মবিশ্বাস নিয়েই খেলতে নামার প্রত্যয়ই ব্যক্ত করেছেন মমিনুল।

অস্ট্রেলিয়ার বিপক্ষে এখন পর্যন্ত একবারও টেস্ট খেলার সুযোগ হয়নি মমিনুলের। তবে এরপরেও অজিদের হারানোর আত্মবিশ্বাস কিভাবে পাচ্ছেন তিনি সেটাই বড় প্রশ্ন। অবশ্য তিনি নিজেই জানিয়েছেন তাঁর আত্মবিশ্বাসের উৎসের কথা যা তৈরি হয়েছে লঙ্কানদের বিপক্ষে গত টেস্ট সিরিজেই।

মমিনুল বলেন, ‘টেস্ট দলের ক্রিকেটারদের মানসিকতা বদলায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট হারের পর। ওখানে খেলোয়াড়দের অংশগ্রহণে একটি মিটিংয়ের পর। সবার মানসিকতায় অনেক পরিবর্তন আসে।’

টাইগারদের লিটল মাস্টার আরও বললেন, ‘এর পেছনে টনিক হিসেবে কাজ করে গলের পরাজয়। ওই একটা হারই সব খেলোয়াড় সিনিয়র-জুনিয়রদের একত্রিত করে। ওই মিটিংটাই আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়। মিটিং হওয়াতে সবাই বুঝতে পারে কীভাবে খেলতে হবে। কীভাবে সবাই অবদান রাখতে পারে।’

চলতি বছর ভারত এবং নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেও বাংলাদেশ দাপট দেখিয়েছে। আর ইংলিশদের তো গত বছর লজ্জায় ডুবিয়ে টেস্ট জিতেছিল মুশফিক বাহিনী। বাঁহাতি এই ব্যাটসম্যান মনে করেন এসব সিরিজে বাংলাদেশের পারফর্মেন্সই অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে টাইগারদের অনুপ্রেরণা দিবে।

এই প্রসঙ্গে মমিনুল বলেন, ‘নিউজিল্যান্ড ও ভারতের সঙ্গে আমরা লড়াই করেছি। তার আগে ইংল্যান্ডকে হারালাম, শ্রীলঙ্কাকে হারালাম। আগের অবস্থা থেকে আমরা বের হয়ে এসেছি। এখন টেস্ট খেললেই জেতার সুযোগ বেশি। টেস্ট টিম এখন আগের চেয়ে অনেক পরিণত। সবাই সবার খেলাটা বোঝে।’

এদিকে টেস্ট দলের নিয়মিত সদস্য হলেও ফর্মের তুঙ্গে না থাকার কারণে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের শততম টেস্টে সাইড বেঞ্চে বসে থাকতে হয়েছিল মমিনুলকে। তবে অস্ট্রেলিয়া সিরিজেই রানে ফিরতে চান তিনি।

মমিনুল আরও জানান, ‘দুটি টেস্টে ইনিংস বড় করতে পারিনি। টেস্টে মনে হয় এই প্রথম খারাপ খেলেছি। চেষ্টা করবো যত তাড়াতাড়ি ওভারকাম করা যায়। সামনে অনেক খেলা ওভারকাম করতেই হবে।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫