বাংলাভূমি ডেস্ক ॥
রাশিদ রিয়াজ: অস্ট্রিয়ার যে বাড়িতে জন্ম নিয়েছিলেন নাজি নেতা এডলফ হিটলার সে বাড়িটির মালিকানা বাজেয়াপ্ত করে বুঝে নিচ্ছে দেশটির সরকার। অস্ট্রিয়ার সর্বোচ্চ আদালত বলছে জনস্বার্থেই বাড়িটির মালিকানা বাজেয়াপ্ত করা হয়েছে।
অস্ট্রিয়ার উত্তরাঞ্চলের শহর ব্রাউনাউতে এ বাড়িটির মালিক ছিলেন এক নারী গেয়ারলিন্দ পোমা। তিনি ১৯৭০ সালে বাড়িটি ভাড়া নেন। তারপর বাড়িটি বিক্রি বা সংস্কারে তিনি রাজি হননি। বাড়িটি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ভাড়া দিয়েছিলেন তিনি। গত ডিসেম্বরে অস্ট্রিয়ায় পার্লামেন্টে কোনো বাড়ি বাজেয়াপ্ত করার ব্যাপারে একটি আইন পাশ হয়।
সরকারের সঙ্গে বনিবনা না হওয়ায় গেয়ারলিন্দ পোমা আদালতের শরণাপন্ন হন। আদালতে সরকারের তরফ থেকে বলা হয় ওই বাড়িটি যাতে নব্য নাৎসি মঠ না হয়ে উঠতে পারে, তাই তা সরকারের দখলে নেওয়া প্রয়োজন। আদালতের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, নব্য নাৎসী মতাদর্শের জন্যে বাড়িটি তীর্থযাত্রীদের একটি ভ্রমণ স্থান হয়ে উঠছে। কোনো অপরাধের উৎপত্তি যাতে সেখান থেকে না হয় তা নিশ্চিত করতেই বাড়িটি জনস্বার্থে সরকারের দখলে থাকা প্রয়োজন।
বিচারকরা জানান, বাড়িটির মালিককে ক্ষতিপুরণ দেওয়া যেতে পারে। ৮ হাজার ৬’শ ফুট দীর্ঘ বাড়িটিতে অনেকগুলো গ্যারেজ, পার্কিং স্পেস রয়েছে। বাড়িটি মাসে ৫ হাজার ডলার ভাড়ায় বিকলাঙ্গ মানুষের আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার হয়ে আসছিল। তবে এখন অস্ট্রিয়া সরকার বাড়িটি দখলে নেওয়ার পর কি করবে তা জানা যায়নি। ইসরায়েল ন্যাশনাল নিউজ
