Skip to content

দুই বছরের জন্য বায়ার্নে রদ্রিগেজ

স্পোর্টস ডেস্ক ॥
অবশেষে গুঞ্জনটাই সত্যি হলো। হামেস রদ্রিগেজকে সাময়িকভাবে ছেড়ে দিলো রিয়াল মাদ্রিদ। দুই বছরের ধারে (লোন) জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখে যোগ দিলেন কলম্বিয়ার এ স্ট্রাইকার। চুক্তি অনুযায়ী ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত ক্লাবটিতে খেলবেন রদ্রিগেজ। এরপর চাইলে রিয়াল তাকে ফিরিয়ে আনতে পারে। আবার চাইলে বায়ার্ন মিউনিখ তাকে কিনে রেখে দিতে পারে। ২০১৪- ব্রাজিল বিশ্বকাপে দারুণ নৈপুণ্য দেখান হামেস রদ্রিগেজ। আসরে সবচেয়ে বেশি গোল করে গোল্ডেন বুট জেতেন তিনি। সে বছর জুলাইয়ে ৭১ মিলিয়ন পাউন্ডে ফরাসি ক্লাব মোনাকো থেকে রিয়াল যোগ দেন তিনি। কার্লো আনচেলত্তি রিয়ালের কোচ থাকাকালে প্রথম একাদশে নিয়মিত জায়গা পেতেন তিনি। কিন্তু জিনেদিন জিদানের যুগে নিয়মিত ছিলেন না তিনি। গত মৌসুমে ক্লাবটির হয়ে মাত্র ২২ ম্যাচ খেলেছেন তিনি। গত মৌসুম থেকেই শোনা যাচ্ছিল তার দল ছাড়ার গুঞ্জন। হামেসকে পেতে আগ্রহী দলগুলোর তালিকায় নাম ছিল ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসির। তবে সাবেক কোচ কার্লো আনচেলত্তিকেই বেছে নিয়েছেন তিনি। রিয়াল মাদ্রিদ দলে স্প্যানিশ অনুর্ধ্ব-২১ ফুটবলার দানি সেবাওসের সম্ভাব্য সংযোজন হামেসকে সিদ্ধান্ত নিতে আরও সাহায্য করেছে বলেই খবর বেরিয়েছিল। এরপর ৪৮ ঘন্টার ভেতর ক্লাব ছাড়ার কথাও শোনা গিয়েছে। দুই দিনের ভেতর না হলেও সময় শেষের আগেই দল বদলে ফেললেন হামেস। রদ্রিগেজ রিয়ালের হয়ে ১১০ ম্যাচে ৩৬ গোল করার পাশাপাশি ৪১ গোলে অ্যাসিস্ট করেছেন। দুই চ্যাম্পিয়ন্স লীগসহ শিরোপা জিতেছেন ৭টি। বায়ার্নের অফিসিয়াল ওয়েবসাইটে ক্লাবের চেয়ারম্যান কার্ল হেইঞ্জ রুমিনিগে জানিয়েছেন নিজের উচ্ছ্বাসের কথা। হামেসকে বায়ার্নে নিয়ে আসা আনচেলত্তির সবচেয়ে বড় ইচ্ছা ছিল বলে জানিয়েছেন তিনি, ‘আমরা হামেসের সাথে চুক্তি করতে পেরে খুবই আনন্দিত। তাকে বায়ার্নের খেলোয়াড় হিসেবে সাইন করানোর ইচ্ছাটা সবচেয়ে বেশি ছিল আনচেলত্তির। তাদের দু’জনের মধ্যে দারুণ বোঝাপড়া। রদ্রিগেজকে ভেড়ানোর পর আমাদের দল আরো শক্তিশালী হয়েছে।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫