Skip to content

একই সাথে নির্বাচন ও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি

বাংলাভূমি ডেস্ক ॥
আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও জাতীয় নির্বাচনে অংশগ্রহণে ইতিবাচক বিএনপি। একই সাথে আন্দোলনেরও কথা বলছেন বিএনপি নেতারা। খুব শিগগির দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা ঘোষণা করবেন। একই সাথে ঘোষণা দেবেন সম্ভাব্য প্রার্থী তালিকা। নির্বাচনী ইশতেহার তৈরির প্রাথমিক কাজও চলছে। অন্যদিকে আন্দোলন বেগবান করতে, কোন্দল নিরসন ও তৃণমূল পর্যায়ে মেয়াদ উত্তীর্ণ কমিটিগুলো পুনর্গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন বিএনপি নেতারা।

এরই মধ্যে নির্বাচন নিয়ে তৃণমূলে সবুজ সংকেত দিয়েছে কেন্দ্র। প্রার্থী তালিকা চূড়ান্ত করতে কাজ করছে বেশ কয়েকটি কমিটি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরি বলেন, বিএনপির পক্ষ থেকে নির্বচনকালীন সহায়ক সরকারের রূপরেখা জাতির সামনে পেশ করা হবে, এর মাধ্যমে একটা আলোচনার ক্ষেত্র তৈরি হবে।

আলাপ আলোচনার ভিত্তিতে সহায়ক সরকার সংবিধানে সংযোজিত না হলে আন্দোলনের দিকে যাবে বিএনপি।

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগের যে আচরণ দেখছি, বিশেষ করে মহাসচিবের উপর হামলা, ফরহাদ মাজহারকে গুম করা, এধরনের পরিস্থিতিতে আমরা বুঝতে পারছি লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবেনা, নির্বাচনও সুষ্ঠু হবেনা। সে হিসেবে আমরা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি। আন্দোলনে যাওয়া ছাড়া বিএনপির অন্য কোনো বিকল্প নাই।

পরিস্থিতি কিংবা কৌশল যাই হোক না কেন কর্মসূচি প্রণয়নে আগের থেকে অনেক বেশি সতর্ক বিএনপি। রাঙামাটি যাওয়ার পথে মহাসচিবের উপর হামলার পরেও খুব একটা জোড়ালো কর্মসূচি ছিলনা বিএনপির। আর সহিংসতায় না গিয়ে আপাতত নির্বাচনের দিকে এগুতে চায় বিএনপি।

আমির খসরু বলেন, জাতির যে প্রত্যাশা নির্বাচন গ্রহণযোগ্য হবে কি না, নিরপেক্ষ হবে কি না, নির্বাচন ব্যবস্থা যেটা ভেঙে পড়েছে এটা পুনরুদ্ধার করতে হবে। এবং এর মধ্যে বড় অংশ হচ্ছে নির্বাচনকালীন সরকার।

দলের দায়িত্বশীল নেতারা বলছেন, সহায়ক সরকার দেয়ার পর সরকার কি প্রতিক্রিয়া দেখায় তার উপর নির্ভর করবে বিএনপির পরবর্তী কর্মসূচি। সূত্র : যমুনা নিউজ

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫