বিনোদন ডেস্ক ॥
শবনম বুবলী। গত বছর চলচ্চিত্রে নাম লিখিয়েই সবাইকে চমকে দিয়েছেন। কারণ জীবনের প্রথম দুই ছবিতেই শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তিনি। রাজু চৌধুরীর ‘শ্যুটার’ ও শামিম আহমেদ রনির ‘বসগিরি’ নামের এ ছবি দুটি মুক্তির পরই বেশ প্রশংসা পান এই অভিনেত্রী। ছবি দুটি ভালো ব্যবসাও করে। এরপর আর পেছনে ফেরা নয়। আবারো কুরবানি ঈদে নতুন দুটি ছবি নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছেন তিনি। আবারো বুবলী, আবারো শাকিব খান। নতুন এই ছবি দুটি হচ্ছে শাহাদৎ হোসেন লিটন পরিচালিত ‘অহংকার’ ও আব্দুল মান্নানের ‘রংবাজ’। এরই মধ্যে ছবি দুটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। দুটি ছবিতে কেমন ভূমিকায় পাওয়া যাবে তাকে জানতে চাইলে বুবলী মানবজমিনকে বলেন, দুটি ছবি দুই ধরনের। ‘রংবাজ’ একদম মসলা ফিল্ম। আর সুন্দর লোকেশনে শুটিং হয়েছে। ছবির গল্পও সুন্দর। ইউনিটের সবাই দেশে ও দেশের বাইরে বেশ আন্তরিকভাবে কাজ করেছে। বিশেষ করে সুইজারল্যান্ডের বরফের পাহাড়ে রোমান্টিক গান করেছি। ইতালির মিলানে একটি ও ভারতের সুন্দর কিছু লোকেশনে দুটি গান করেছি। এটা ১০০ ভাগ দেশীয় ছবি। শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের প্রথম লোকাল বাংলাদেশি প্রোডাকশন। তাদের সঙ্গে সহপ্রযোজনা করছে রূপরঙ চলচ্চিত্র। এ ছবিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নূতন, সাদেক বাচ্চু, জাহিদ প্রমুখ। কোনো ভারতের অভিনয়শিল্পী এখানে অভিনয় করেনি। শুধু গানের কোরিওগ্রাফি করেছে একটা ভারতীয় টিম। আর ‘অহংকার’ ছবিটি নিয়ে কি বলবেন ? বুবলী বলেন, এ ছবির গল্পটিও চমৎকার। এতে আমার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। এমন রূপে দর্শক আমাকে প্রথম দেখবে। এজন্য ছবির পরিচালক ও প্রযোজককে ধন্যবাদ জানাতে চাই। কারণ তাদের কাস্টিং এর জন্যই আমি এমন চরিত্রে অভিনয় করতে পেরেছি। ‘অহংকার’ ছবিতে নতুন বুবলীকে দেখবে দর্শক। আর ছবির শুটিং সেটে শুরু থেকে শেষ পর্যন্ত অনেকের প্রশংসাও পেয়েছি। এমনকি সেন্সরবোর্ডের সিনিয়র সদস্যরাও ছবিটি দেখে প্রশংসা করেছেন। এ ছবিতে নূতন আপা, মিজু আহমেদ, সাদেক বাচ্চুসহ বেশ ক’জন সিনিয়রের সঙ্গে অভিনয় করেছি। সবাই খুব সহযোগিতা করেছেন। তাই এক কথায় বলতে গেলে দুটি ছবি নিয়েই আমি বেশ আশাবাদী। বুবলী অভিনীত আবারো দুটি নতুন ছবিতে নায়ক হিসেবে রয়েছেন শাকিব খান। তাই অনেকেরই প্রশ্ন- সামনে তাকে শাকিবের বাইরে অন্য কোনো নায়কের সঙ্গে কি দেখা যাবে? এর উত্তরে বুবলী বলেন, আমার ছবিগুলোতে অনেক সিনিয়র শিল্পী অভিনয় করেছেন। কিন্তু অন্য ছবির যেসব প্রস্তাব পাচ্ছি সেখানে ওভাবে গল্প, পরিচালক ও অনান্য চরিত্রের শিল্পী, প্রেজেন্টেশন মিলছে না। এজন্য একটু অপেক্ষা করছি। অন্য নায়কের সঙ্গে অবশ্যই কাজ করবো। হয়তো একটু সময় লাগবে। অভিনয়জীবনের প্রথম দুটি সিনেমায় শাকিব খানের নায়িকা হয়েই আলোচিত শবনম বুবলি। বিশেষ করে ‘বসগিরি’ ছবিতে ‘দিল দিল’ শিরোনামের গানটি কয়েকদিন আগে পর্যন্ত ইউটিউবে এক কোটির উপরে দর্শক দেখেছেন। বিভিন্ন স্টেশ শোতে বাজানো হচ্ছে এ গানটি। সামনে নতুন কোন ছবির কাজ শুরু করবেন কিনা জানতে চাইলে বুবলী বলেন, কথা চলছে। কিন্তু এখনো নিশ্চিত না। নতুন কোনো ছবিতে সাইন করলে অবশ্যই ঘটা করে জানাতে চাই। আমি সবসময়ই ভালো কাজ করার চেষ্টা করেছি। চলচ্চিত্রে কাজ শুরু করার পর থেকে জীবনটা বদলে গেছে বুবলীর। অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হচ্ছে তাকে। তারপরও কাজটাকে উপভোগ করছেন তিনি। আর সেই সঙ্গে দর্শকের ভালোবাসাও পাচ্ছেন। দর্শকের ভালোবাসা নিয়েই কাজ করে যেতে চান এ গ্ল্যামারাস গার্ল। ক্যারিয়ারে সব বাধা জয় করে সামনে এগিয়ে যেতে চান। এমনটিই জানালেন দেশীয় চলচ্চিত্রের সম্ভাবনাময়ী এই অভিনেত্রী। মানবজমিন
‘অন্য নায়কের সঙ্গে অবশ্যই কাজ করবো’
আপডেট :July 18, 2017
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
