Skip to content

কেমন হতে পারে বিএনপির সহায়ক সরকারের রূপরেখা

বাংলাভূমি ডেস্ক ॥

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন দেশের বৃহত্তম দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। সংবিধানের আলোকেই নির্বাচন করতে চায় ক্ষমতাসীরা অন্যদিকে বিএনপির দাবি নির্বাচনকালীন সহায়ক সরকার।

বিএনপির দলীয় সূত্র থেকে জানা গেছে, লন্ডন থেকে ফিরে দলের সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করেই সহায়ক সরকারের রূপরেখা দিবেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

এ ব্যাপারে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বিডি২৪লাইভকে জানিয়েছেন, এই মুহুত্যে জনগণের প্রত্যাশা হচ্ছে সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার ফিরে পাওয়া। আর আমরা দেশের বৃহত্তম দল হিসেবে জনগণের প্রত্যাশা পূরণে আমাদের একটা দায়িত্ব আছে। সেই দায়িত্ববোধ থেকেই আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নিবাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা একটা প্রস্তাব দিবেন। তিনি বিদেশে গেছেন দেশে ফিরে উপযুক্ত সময়ে সেই প্রস্তাব দিবেন। এবং সেই প্রস্তাব আমাদের বিশ্বাস সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করবে। এটি কারো পক্ষেও হবে না কারো বিপক্ষেও হবে না। তবে সকল পার্টি সমঝোতা না হলে দেশে একটা সুষ্ঠু নিবাচন সম্ভব হবে না। আমরা একটা প্রস্তাব দিব। সরকার বলবে মানি না। আবার সরকার বলবে আমাদের অধিনেই নিবাচন করতে হবে। আমরা বলব মানি না। এ দেশের জনগণ সেই জন্যই উৎকন্ঠিত।

তিনি বলেন, আমাদের দেশনেত্রী বেগম জিয়া লন্ডনে তার ছেলের কাছে গেছেন। সেখানে আমাদের দলের দ্বিতীয় প্রধান ব্যক্তি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান আছেন। তিনি তার সন্তান। তিনি তারেক রহমানের সাথে পারিবারিক থেকে শুরু করে রাজনৈতিক নেতা হিসেবে রাজনৈতিক দল হিসেবে দলের সংগঠন এবং জাতি ও দেশের স্বার্থে কথা বলবেন। তারপর দেশে ফিরে দলের অন্য সিনিয়র নেতাদের সাথে আলোচনা করে সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতির সামনে পেশ করা হবে।

আগামী একদশ নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বিডি২৪লাইভকে বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির অবস্থান সম্পর্কে আগেই স্পষ্ট ধারণা দিয়েছেন।

তিনি (খালেদা জিয়া) বলেছেন, শেখ হাসিনার অধীনে দেশে কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ২০১৪ সালেই ৫ জানুয়ারি ও তার পরের সব নির্বাচন গুলিই তাই প্রমাণ করেছে। এ দেশের রিকশাওয়ালা, দিন মজুর থেকে শুরু করে সবার কাছেই এটা প্রমাণিত যে শেখ হাসিনার অধীনে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আর সহায়ক সরকার না হলে বিএনপি কখনো নির্বাচনে যাবে না। নির্বাচনে বিএনপিকে অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড দিতে হবে।

সহায়ক সরকারের দাবি আমাদের নতুন নয় উল্লেখ করে তিনি বলেন, এটা আমাদের পুরাতন দাবি। আর দেশে যে সহায়ক সরকারের প্রয়োজন আছে তা শেখ হাসিনাতো ১৯৯৬ সালেই উপলব্ধি করেছেন।

সরকার যদি সহায়ক সরকারের দাবি না মেনে নির্বাচনের ব্যবস্থা করে তাহলে বিএনপির অবস্থান কি জানতে চাইলে দলের এই নীতিনির্ধারক বলেন, নির্বাচনের সময় আসুক তখন আমাদের দাবি না মানলে সে রুপ পদক্ষেপ গ্রহণ করা হবে। যদি দাবি না মেনেই নেয় তখন যদি আবারো দেশে সংকটময় পরিস্থিতি সৃষ্টি হয় তার দায়ভার এই সরকার কেই নিতে হবে বলেও হুশিয়ারি উচ্চারণ করেন তিনি।

এ বিষয়ে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বিডি২৪লাইভকে বলেন, আমাদের নেত্রী বেগম জিয়া দেশের বাহিরে আছেন। উনি আসলে আমরা রুপরেখা দিয়ে দিবো। তাছাড়া আমাদের রুপরেখা একেবারে সম্পন্নের দিকে এগিয়েছে।সহায়ক সরকারের রুপরেখার মূল বিষয় হচ্ছে দলীয় সরকারের বাহিরে একটি সরকারের অধীনে নির্বাচন করা। এটার একাদিক উদাহরণ আমরা তুলে ধরবো। আগে যে ভাবে নির্বাচন হয়েছে, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, ঠিক তা না কিন্তু প্রায় একই রকম। এই বিষয় নিয়ে আমরা সরকারের সাথে আলোচনা করে রুপরেখা দিবো। অর্থাৎ আমাদের মূল বিষয় হচ্ছে সুষ্ঠু, অংশ গ্রহণ মুলক ও শান্তিপূর্ণ একটা নির্বাচন।

দলের চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বিডি২৪লাইভকে বলেন, খুব শীঘ্রই চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই রুপরেখা দিবেন। তবে আমার মনে হয় এখানে নির্বাচনকালীন সময়ে বর্তমান সংসদ ভেঙ্গে দেয়ার প্রস্তাবনা থাকতে পারে।

তিনি আরও বলেন, এই সংসদ না ভেঙ্গে দিলে দেশে কখনো সুষ্ঠু নির্বাচন হবে না। জাতী কখনো এই সরকারে অধীনে সুষ্ঠু নির্বাচনের বিষয়ে বিশ্বাস করে না। ২০১৪ সালের ৫ জানুয়ারির মত আর কোনো নির্বাচন দেশে হবে না উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, রাজপথে আন্দোলন করেই যে সহায়ক সরকারের দাবি আয়াদ করতে হবে তা আমি মনে করি না। জনমতের প্রতিফলনের ফলেই এই সরকার এক পর্যায়ে সুষ্ঠু নির্বাচন দিতে বাধ্য হবে বলেও জানিয়েছেন তিনি।

বিডি২৪লাইভ

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫