স্টাফ রিপোর্টার ॥
মারা গেছেন বেশকিছু দিন আগে অথচ এখনো তিনি দলীয় কমিটিতে জীবিত। এমনই রহস্যজনক ঘটনা ঘটেছে গাজীপুরের কালিয়াকৈরে।
নবগঠিত গাজীপুর জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হয়েছেন একজন মৃত ব্যক্তি। নতুন পদ পাওয়া আব্দুস সামাদ আজাদ চলতি বছরের ২৩ এপ্রিল মারা গেছেন। মৃত ব্যক্তিকে কমিটিতে রাখা নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
কালিয়াকৈর উপজেলার বাঘাইর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে সামাদ আজাদ কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। মারা যাওয়ার সময় তিনি কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ছিলেন।
নেতাকর্মীরা জানায়, সম্মেলনের এক বছর পর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেটে আ ক ম মোজাম্মেল হককে সভাপতি ও ইকবাল হোসেন সবুজকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন। ওই কমিটিতে গাজীপুরের প্রতিটি উপজেলা থেকে তৃণমূলের নেতাদের বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে। এ কমিটিতে কালিয়াকৈর উপজেলা থেকে আব্দুস সামাদ আজাদের নাম রয়েছে জেলা উপদপ্তর সম্পাদক হিসেবে। যিনি অসুস্থ হয়ে উত্তরার আহ্ছানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতালে গত এপ্রিলে মারা গেছেন। তিনি লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা আওয়ামী লীগের ৩ নম্বর সাংগঠনিক সম্পাদক আকবর আলী বলেন, ২০১৬ সালে সম্মেলনের পর পুরো কমিটির তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছিল। কিন্তু জেলা কমিটির অনুমোদন হওয়ার আগেই সামাদ আজাদ মারা যান। পরে বিষয়টি নিয়ে কেউ কোনো চিন্তা করে নাই।
গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ বলেন, আওয়ামী লীগ সব সময় তৃণমূল নেতাদের মূল্যায়ন করে আসছে। সামাদ আজাদের নাম থাকায় তার স্বজনরা বলতে পারবেন যে, তাদের একজন জেলা কমিটিতে ছিলেন। এ ছাড়া তিনি জীবিত থাকা অবস্থায় তার নাম ওই কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছিল। ওই কমিটিই দলের সভাপতি অনুমোদন দিয়েছে।
উল্লেখ্য, ২০১৬ সালের ১৩ অক্টোবর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হককে সভাপতি ও ইকবাল হোসেন সবুজকে সাধারণ সম্পাদক করে গাজীপুর জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। গত শুক্রবার দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই কমিটির অনুমোদন দেন। শনিবার রাতে দলীয় কার্যালয়ে এ পূর্ণাঙ্গ কমিটির তালিকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জেলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজের হাতে তুলে দেন।
