আন্তর্জাতিক ডেস্ক ॥
ট্রাম্প প্রশাসন ভেনিজুয়েলার ১৩ শীর্ষ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এদের মধ্যে সামরিক ও দেশটির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির কর্মকর্তাও রয়েছেন। বুধবার এক মার্কিন কর্মকর্তা জানান, ভেনিজুয়েলার সরকার নির্বাচনের মাধ্যমে যে নতুন কংগ্রেসের পরিকল্পনা করছেন তার বিরুদ্ধে চাপ সৃষ্টির জন্যে এধরনের পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন।
এছাড়া ভেনিজুয়েলার নাগরিকদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির কারণেও দেশটির বিভিন্ন খাত, প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপের সক্রিয় চিন্তাভাবনা করছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প প্রশাসন ভেনিজুয়েলার মাদুরো সরকারকে একনায়ক হিসেবে অভিহিত করে এধরনের নিষেধাজ্ঞা আনছে যখন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র না করতে ও ‘নোংরা হাত’কে সরিয়ে নেওয়ার আহবান জানিয়েছেন।
গত কয়েক মাস ধরে ভেনিজুয়েলায় মাদুরো সরকার বিরোধী আন্দোলন চলছে। আগামী ৩০ জুলাই দেশটিতে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে মাদুরো সরকারের বিরুদ্ধে এক প্রতীকি নির্বাচনের আয়োজন করা হয়। ভেনিজুয়েলা ছাড়াও বিশ্বের ১’শ টি দেশে এধরনের প্রতীকি নির্বাচনে মাদুরো সরকারের বিরুদ্ধে ভোট পড়ে। আইউইভিএম প্রেস
