স্টাফ রিপোর্টার ॥
আগামী ২৭ আগস্ট থেকে দক্ষিণাঞ্চলের ঘরমুখো যাত্রীদের জন্য নৌপথে ঈদ স্পেশাল সার্ভিস শুরু হচ্ছে। রাষ্ট্রীয় নৌযান স্টিমারের বিশেষ সার্ভিস শুরু করবে ২৯ আগস্ট। এ রুটের বিলাসবহুল লঞ্চ কোম্পানিগুলো গত ১৫ আগস্ট থেকে অগ্রিম টিকেট দেয়া শুরু করেছে।
এবিষয়ে শনিবার (১৯ আগস্ট) ঢাকায় অভ্যন্তরীন নৌপরিবহন সংস্থার (লঞ্চ মালিক সমিতি) সভায় বেসরকারি নৌযানের বিশেষ সার্ভিসের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। ঢাকা-বরিশাল রুটে অন্যতম বিলাসবহুল লঞ্চ সুন্দরবন এবং সুরভী কোম্পানি গত সপ্তাহে যাত্রীদের কাছ থেকে কেবিনের চাহিদাপত্র গ্রহণ করে।
জানা যায়, ঈদের বিশেষ সার্ভিস কবে শুরু ও শেষ কবে হবে সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার জন্য ঢাকায় সংস্থার সভা হবে। তবে ২৭ আগস্ট থেকেই বিশেষ সার্ভিস শুরুর সম্ভবনা রয়েছে।
ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের ২৭ রুটেও বিশেষ সার্ভিস চলাকালে নিয়মিত লঞ্চের চেয়ে দ্বিগুন বেশি লঞ্চ চলবে। সবগুলো রুটের লঞ্চ কোম্পানি নিজ নিজ সুবিধা অনুযায়ী চলতি সপ্তাহের মধ্যে প্রথম শ্রেণির যাত্রীদের অগ্রিম টিকেট দেয়া শেষ করবে।
