Skip to content

টাইগার বধ করতে নতুন কৌশল এঁটেছেন অজি কোচ

স্পোর্টস ডেস্ক ॥

অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম। তবে বাংলাদেশ সফরে অজিদের চিন্তাটা বৃষ্টি। আর বাংলাদেশে অতি বৃষ্টির কারণে ভোগান্তিতে থাকা মানুষের প্রতি সহানুভূতি জানালেন অস্ট্রেলিয়া দলের প্রধান কোচ ড্যারেন লেহম্যান।

টাইগারদের বিপক্ষে মূল লড়াইয়ে নামার আগে প্রস্তুতি ম্যাচ খেলছে পারছে না অজিরা। বৃষ্টির কারণে গতকাল মিরপুর একাডেমি মাঠে অনুশীলনেরও ইতি টানে তারা আগেভাগে।

আর অস্ট্রেলিয়া দলের প্রধান কোচ ড্যারেন লেহম্যান বলেন, বিসিবি আমাদের প্রস্তুতি ম্যাচের জন্য দারুণ চেষ্টা করেছে। কিন্তু অতি বৃষ্টি বাদ সেধেছে এতে। ঢাকায় আমরা নানা সুযোগ-সুবিধা দেখছি। আমরা বাংলাদেশের মানুষের কথা ভাবছি। অতি বৃষ্টিতে তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

আগামী ২৭শে আগস্ট মিরপুর শেরে বাংলা মাঠে শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট। তার আগে কোনো প্রস্তুতি ম্যাচ খেলছে না সফরকারী অজিরা।

অজি কোচ লেহম্যান বলেন, মিরপুরের উইকেট দেখিনি আমি। ঐতিহ্যগতভাবে এখানে ভালো উইকেটই হওয়ার কথা। আশা করি বৃষ্টি দূরে থাকবে এবং ভালো আউটফিল্ড পাবো। তারা (বিসিবি) খুবই পরিশ্রম করছে। এর চেয়ে বেশি চাইতে পারি না।

উপমহাদেশের মাটিতে গত ছয় বছরে টেস্ট সিরিজ জয়ের স্মৃতি নেই অজিদের। এ সময় দুইবার সিরিজে হোয়াইটওয়াশের লজ্জায় ডোবে তারা। তবে বাংলাদেশের ব্যাটসম্যানদের নতুন বলেই বেকায়দায় ফেলতে চান অজি কোচ।

লেহম্যান বলেন, তাদের বেশ কয়জন বড় মাপের ব্যাটসম্যান রয়েছে। নিজ মাটিতে তাদের রেকর্ডও খুব ভালো। ইংল্যান্ডের বিপক্ষে ভালো করেছে তারা। তাদের টপঅর্ডার ব্যাটসম্যানদের ওপর নির্ভর করবে তাদের সফলতা। এ জন্য নতুন বলেই কিছু করতে হবে আমাদের। আর উইকেট বুঝে স্পিন ও রিভার্স সুইং। তাদের দলে ব্যাটিং গভীরতা রয়েছে। ভারত সফরে আমরা ভালোই খেলেছি কিন্তু সিরিজ হারতে হয়েছে আমাদের। এখন দেশের বাইরে সিরিজ জয়টা আমাদের চ্যালেঞ্জ।

প্রথম টেস্টে দুই স্পিনার নিয়ে একাদশ সাজাতে পারে অস্ট্রেলিয়া। এক্ষেত্রে অফস্পিনার নাথান লায়নের সঙ্গে থাকবেন বাঁ-হাতি স্পিনার অ্যাশটন অ্যাগার। ২৩ বছর বয়সী অ্যাগার টেস্ট খেলছেন দীর্ঘ ৪ বছরের বিরতিতে। অজি দলে লেগস্পিনার মিচেল সোয়েপসনও আছেন।

লেহম্যান বলেন, ‘তার (অ্যাগার) লেন্থে উন্নতি হয়েছে। গত মৌসুম শেফিল্ড শিল্ডে ভালো বল করেছে সে। ভালো করেছে তরুণ লেগস্পিনার সোয়েপসনও। এদের মধ্য থেকে বাছাই করা কঠিন। তবে অ্যাগারের ব্যাটিংটাও ভালো।’

অ্যাগারের অভিষেকটা ছিল ব্যাট হাতে দ্যুতিময়। ২০১৩’র নটিংহ্যাম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ১১ নম্বরে ব্যাট হাতে রেকর্ড ৯৮ রানের ইনিংস খেলেন ১৯ বছর বয়সী অ্যাশটন অ্যাগার। দশম উইকেটে অ্যাগার ১৬৩ রানের জুটি গড়ে মাথায় ক্রিকেট বলের আঘাতে প্রাণ হারানো অজি ব্যাটসম্যান ফিলিপ হিউজের সঙ্গে। টেস্টে দশম উইকেট জুটিতে এটি দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫