Skip to content

রোহিঙ্গা সমস্যা: সমাধানের ফর্মুলা দিল বিএনপি

স্টাফ রিপোর্টার ॥

কূটনৈতিক ব্যবস্থার মাধ্যমেই রোহিঙ্গা সমস্যার সমাধান হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোহিঙ্গা সংকট সমাধানে সরকারকে পরামর্শ দিয়ে তিনি বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে প্রয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত ও চীনসহ বিভিন্ন দেশ সফরে যেতে হবে।

রবিবার (১০ সেপ্টেম্বর)) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সেমিনার হল রুমে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সংগঠনের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল।

সরকারকে দ্রুততার সঙ্গে রোহিঙ্গাদের ফিরত পাঠানোর জন্য কূটনৈতিক প্রক্রিয়া গ্রহণ করতে হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আজকে ভারত ও চীনের কথা বলা হচ্ছে বারবার যে তারা মিয়ানমার সরকারকে তারা সমর্থন দিচ্ছে। তাদের কাছেও যেতে হবে তাদেরকে বুঝাতে হবে যে এটা আমাদের জন্য কি ভয়াবহ পরিণতির নিয়ে আসছে। মানবতার বিরুদ্ধে অবস্থান নেওয়া ঠিক হবে না। কূটনৈতিক ব্যবস্থার মাধ্যমেই এই সমস্যার সমাধান হতে পারে।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার রোহিঙ্গা ইস্যুতে কার্যকর ব্যবস্থা না নিয়ে তারা ভয় পাচ্ছে। তারা বলে যাচ্ছে, রোহিঙ্গাদের সঙ্গে অস্ত্র ও জঙ্গি আসছে। যা আমাদেরকেও উৎকণ্ঠিত এবং আতঙ্কিত করছে।’

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের মত আর কোনো নির্বাচন হতে দেয়া হবে না। নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে। যে সরকার নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ ভাবে নির্বাচন পরিচালনা করবে। এছাড়া নির্বাচন কমিশনও নিরপেক্ষ হতে হবে।’

তিনি বলেন, ‘সংকট সমাধানে সুষ্ঠু নির্বাচন দরকার। কিন্তু আওয়ামী লীগ সেদিকে যেতে রাজি নন। আমরা নির্বাচন করতে চাই। নির্বাচনে ভয় পাই না। কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে ভয় পায় বলেই তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে হয়। আওয়ামী লীগ ভালো করেই জানে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে তারা ক্ষমতায় যেতে পারবে না।’

সংগঠনের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে বক্তব্য দেন-বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কবি আব্দুল হাই শিকদার, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, মহিলা বিষয়ক সম্পাদক নূরে আরা সাফা, মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ হেলেন জেরিন খান, ঢাকা জেলা মহিলা দলের আহ্বায়ক সাবিনা ইয়াসমিন প্রমুখ।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫