স্পোর্টস ডেস্ক ॥
দীর্ঘ ৯ বছরের অপেক্ষার পর বাংলাদেশ ক্রিকেট দলের সামনে আবারো সুযোগ এসেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলার। চলতি মাস থেকে শুরু হতে যাওয়া এই সফরে স্বাগতিকদের বিপক্ষে ২টি টেস্ট, ৩টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ ও ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।
বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর টেস্ট সিরিজ দিয়ে শুরু হওয়ার ফলে ইতোমধ্যেই দেশটিতে পাড়ি জমিয়েছে একজন বাদে (রুবেল হোসেন) টেস্ট স্কোয়াডে ডাক পাওয়া বাকি ক্রিকেটাররা। সেখানে পৌঁছে তিনদিন অনুশীলনও সেড়ে নিয়েছে মুশফিকরা।
প্রাথমিক অনুশীলন পর্ব শেষে, ২৮শে সেপ্টেম্বর থেকে প্রোটিয়াদের বিপক্ষে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজকে সামনে রেখে প্রতিকূল পরিবেশে এবার নিজেদের ঝালিয়ে নেওয়ার পাশাপাশি শেষ মুহূর্তের অনুশীলন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে আজ থেকে বেনোনিতে একমাত্র তিনদিনের প্রস্তুতি ম্যাচে লড়তে যাচ্ছে সফরকারী বাংলাদেশ। আজ বাংলাদেশ সময় অনুযায়ী দুপুর ২টা থেকে শুরু হবে প্রস্তুতি ম্যাচের খেলা।
দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের স্কোয়াডঃ এইডেন মারক্রাম (অধিনায়ক), টিলাদি বোকাকো, ওকুহলে কেলে, ম্যাথু ক্রিস্টেনসেন, মাইকেল কোহেন, আইজ্যাক ডিকগালে, জুবাইর হামসা, হেনরিক ক্লাসেন, মিগায়েল প্রিটোরিয়াস, ইয়াসিন ভাল্লি, শন ভন বার্গ, লনডিসওয়া জুমা।
বাংলাদেশ স্কোয়াডঃ তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, লিটন দাশ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শুভাশীষ রায়, রুবেল হোসেন, শফিউল ইসলাম।
