আন্তর্জাতিক ডেস্ক ॥
প্রাকৃতিক দুর্যোগ যেন জাপানের পিছু ছাড়ছে না। দেশটিতে প্রায়ই প্রাকৃতিক দুর্যোগ হানা দেয়। ফলে দেশটির সম্পদের ক্ষতির পাশাপাশি জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে।
এবার টাইফুনের আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে জাপানের ওকিনাওয়া দ্বীপপুঞ্জ। ইতোমধ্যে প্রচণ্ড বৃষ্টিতে স্তব্ধ ওকিনাওয়া দ্বীপপুঞ্জের জনজীবন।
তবে, টাইফুন আঘাত হানার আগেই স্থানীয় প্রশাসনের তরফে ঝড় ও ভূমিধ্বসের সতর্কতা জারি করা হয়েছিল দ্বীপপুঞ্জটিতে।জানা গেছে, টাইফুন ল্যানের আঘাতে এ পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে, একজন নিখোঁজ রয়েছে ও অনেকেই আহত হয়েছেন।
মাত্র এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে নতুন করে আবার টাইফুনের আঘাতে স্থানীয় বাসীন্দাদের মনে রীতিমত আতঙ্ক বিরাজ করছে।
জাপানের আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, স্থানীয় সময় শনিবার (২৮ অক্টোবর) মধ্যরাতে ঝড় ওকিনাওয়ার দ্বীপপুঞ্জ অতিক্রম করে। এর আগে অবশ্য বেলা ১১টার দিকে ঝড়টির অবস্থান ছিল ওকিনাওয়ার রাজধানী নাহা’র ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ঘণ্টায় সর্বোচ্চ ১৬২ কিলোমিটার বেগে এটি অগ্রসর হচ্ছে।
জানা গেছে, রবিবার (২৯ অক্টোবর) সকাল পর্যন্ত এই ঝড়ের দাপট চলবে। দেশটির সরকারি সম্প্রচার কেন্দ্র এনএইচকে জানায়, এতে ওকিনাওয়ার পরিস্থিতির দিকে নজর রাখছে জাপান সরকার।
